অন্ধবিশ্বাসের আড়ালে বন্যপ্রাণী নিধন! রোহড়ুর জুয়েলারি শপ থেকে মিলল চিতাবাঘের দেহাংশ, হুলুস্থুল কাণ্ড

বন্যপ্রাণীর দেহাংশ নিয়ে বেআইনি ব্যবসার পর্দাফাঁস করতে হিমাচল প্রদেশের সিমলা জেলায় বড়সড় অভিযানে নামল বন দপ্তর। মঙ্গলবার সিমলার রোহড়ু (Rohru) শহরের একাধিক গয়নার দোকানে অতর্কিত হানা দিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ চিতাবাঘের নখ ও দাঁত। ‘অপারেশন ক্লয়িং ব্যাক’ (Operation Clawing Back) নামক এই বিশেষ অভিযানে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পাহাড়ি রাজ্যে।
বিভাগীয় বন আধিকারিক (DFO) রবি শঙ্কর শর্মার নেতৃত্বে বন দপ্তরের একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে রোহড়ুর প্রধান বাজার এলাকায় হানা দেয়। তল্লাশিতে ৬ জন গয়না ব্যবসায়ীর কাছ থেকে মোট ৮৫টি চিতাবাঘের নখ এবং ৫টি দাঁত উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বন দপ্তরের দাবি, চিতাবাঘ বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অধীনে একটি সুরক্ষিত প্রজাতি। এর নখ বা দাঁত কেনা-বেচা, মজুত রাখা বা প্রদর্শনী করা কঠোরভাবে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অনেক সময় তুকতাক বা অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে বহু মানুষ চড়া দামে চিতার নখ বা দাঁত দিয়ে তৈরি লকেট ও অলঙ্কার কেনেন। এই চাহিদাকে কাজে লাগিয়েই ব্যবসায়ীরা পাচারকারীদের থেকে অবৈধভাবে এগুলি সংগ্রহ করত। ডিএফও রবি শঙ্কর শর্মা সাফ জানিয়েছেন, বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে কোনো আপস করা হবে না। এই ঘটনায় আর কে কে জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে এই ধরনের বেআইনি সামগ্রী কেনা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছে বন দপ্তর।