রক্তাক্ত বাংলাদেশ! ভোটের আবহে বেছে বেছে খুন করা হচ্ছে হিন্দুদের? সিলেটে চা শ্রমিকের বীভৎস মৃত্যু

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজলেও, ওপার বাংলার সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল। গোটা দেশ যখন কড়া নিরাপত্তার চাদরে মোড়া, তখনই চব্বিশ ঘণ্টার ব্যবধানে দুই জেলায় দুই হিন্দুকে নৃশংসভাবে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

সিলেটের মৌলভীবাজার এলাকায় রতন সাহুকার (২৮) নামে এক হিন্দু চা শ্রমিকের বীভৎস দেহ উদ্ধার হয়েছে। বুধবার সকালে যখন তাঁর দেহ পাওয়া যায়, তখন তাঁর হাত-পা ছিল শক্ত করে বাঁধা এবং শরীরে ছিল একাধিক গভীর ক্ষতচিহ্ন। স্থানীয়দের দাবি, রতনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। অন্যদিকে, ময়মনসিংহে সুষেণচন্দ্র সরকার (৬২) নামে এক প্রবীণ হিন্দু চাল ব্যবসায়ীকেও কুপিয়ে খুন করেছে দুষ্কৃতীরা। তাঁর দোকান থেকে লক্ষাধিক টাকা লুঠ করে দেহটি ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল।

এই জোড়া হত্যাকাণ্ডের নেপথ্যে নিছক ব্যক্তিগত শত্রুতা নাকি নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হিংসার ছক রয়েছে, তা খতিয়ে দেখছে প্রশাসন। এই ঘটনায় আতঙ্কিত ওপার বাংলার হিন্দু সমাজ।