নিজের মা ও ভাইকে খুনের পর স্কুলে তাণ্ডব! জেসির আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়ে ঘনীভূত রহস্য

কানাডার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে ঘটে যাওয়া ভয়াবহ শ্যুটিংয়ের ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। তদন্তের অগ্রগতির সাথে সাথে ১৮ বছর বয়সী সন্দেহভাজন আততায়ী জেসি ভ্যান রুটসেলার সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, জেসি ওই স্কুলেরই প্রাক্তন ছাত্রী ছিল, যে চার বছর আগে পড়াশোনা ছেড়ে দেয়। স্কুলের লাইব্রেরির ভেতর হামলা চালানোর পর সে নিজেও আত্মহত্যা করে।
তদন্তকারী সংস্থা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP) জানিয়েছে, জেসির মানসিক স্বাস্থ্য নিয়ে পুলিশের কাছে আগে থেকেই তথ্য ছিল। ব্রিটিশ কলাম্বিয়ার মানসিক স্বাস্থ্য আইনের অধীনে তাকে একাধিকবার চিকিৎসার জন্য আটক করা হয়েছিল। এমনকি জেসির বাড়িতেও বহুবার গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। সবথেকে বড় বিতর্কের বিষয় হলো, এর আগে তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হলেও আইনি লড়াইয়ের পর তা আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল। জেসির নিজেরও একটি বন্দুকের লাইসেন্স ছিল, যার মেয়াদ ২০২৪ সালে শেষ হয়ে যায়।
তদন্তকারীদের মতে, এই রক্তক্ষয়ী তাণ্ডব শুরু হয়েছিল জেসির নিজের বাড়ি থেকেই। সেখানে সে তার ৩৯ বছর বয়সী মা এবং ১১ বছর বয়সী সৎ ভাইকে খুন করে। এরপর স্কুলে গিয়ে হামলা চালায়। ঘটনাস্থল থেকে একটি লং-গান এবং একটি মডিফাইড হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। যদিও কিছু সংবাদমাধ্যম আততায়ীর নাম ‘জেসি স্ট্র্যাং’ বলে দাবি করছে, তবে পুলিশ সরকারিভাবে জেসি ভ্যান রুটসেলার নামই নিশ্চিত করেছে। এই ঘটনা কানাডার বন্দুক আইন এবং মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থার ওপর বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিয়েছে।