তিহাড় জেলে রাজপাল যাদব! ৯ কোটির দেনায় ডুবলেন অভিনেতা, রক্ষাকর্তা হয়ে এগিয়ে এলেন সলমন-অজয়রা

হাসি যার মূলধন, আজ তাঁর চোখেই জল। চেক বাউন্স মামলার জাঁতাকলে পড়ে শেষ পর্যন্ত তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। প্রায় ৯ কোটি টাকার ঋণের দায়ে বিদ্ধ অভিনেতা দিল্লি হাইকোর্টে বাড়তি সময় চাইলেও, আদালত তাঁর আর্জি খারিজ করে দেয়। এরপরই শুরু হয় রাজপালের কারাবাস।

তবে এই দুঃসময়ে রাজপাল পাশে পেয়েছেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান থেকে শুরু করে অজয় দেবগন ও বরুণ ধাওয়ানের মতো তারকাদের। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই তারকারা এবং পরিচালক ডেভিড ধাওয়ান অভিনেতাকে বিপুল পরিমাণ আর্থিক সাহায্য পাঠিয়েছেন। অভিনেতার স্ত্রী রাধা যাদব সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “গোটা ইন্ডাস্ট্রি রাজপালের পাশে রয়েছে। যাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ।” মূলত ২০১০ সালে নিজের পরিচালিত প্রথম ছবি ‘আতা পাতা লাপাতা’ তৈরির জন্য ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। ছবি ফ্লপ হওয়ায় সেই ঋণের অঙ্ক সুদে-আসলে এখন ৯ কোটি ছাড়িয়েছে। শুক্রবার তাঁর জামিনের শুনানি রয়েছে, সেই দিকেই এখন তাকিয়ে ভক্তরা।