সকাল হতেই রক্তারক্তি কাণ্ড! গাজিপুরে দুর্ঘটনার কবলে দুই শিশুসহ ৫ জন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চালক

বৃহস্পতিবার ভোরে দিল্লির গাজিপুর এমসিডি (MCD) টোলের কাছে এক মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটে। সকাল ৭টা ৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে এবং খবর পাওয়া মাত্রই লক্ষ্মী নগর ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে দুর্ঘটনার পর সেটি কার্যত লোহার স্তূপে পরিণত হয়।
লক্ষ্মী নগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাজবীর সিং বাঘেল জানিয়েছেন, “সকাল ৭টা ৫ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে আমরা দেখতে পাই গাড়ির ভেতরে দুজন যাত্রী আটকে রয়েছেন। অত্যন্ত সতর্কতার সঙ্গে তাঁদের উদ্ধার করা হয়।” তিনি আরও জানান যে, দমকল বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয়রা চালকসহ আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
উদ্ধারকারীদের দাবি, গাড়ির ভেতর আর কেউ অবশিষ্ট নেই। বর্তমানে আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা চলছে। কুয়াশা নাকি যান্ত্রিক গোলযোগ—ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। সকালেই ব্যস্ত এলাকায় এই দুর্ঘটনার জেরে টোল প্লাজার আশেপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।