উধাও হচ্ছে শীত, দুয়ারে বসন্ত! হু হু করে বাড়ছে তাপমাত্রা, আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া?

উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়ার দাপট কমতেই চড়ছে তাপমাত্রার পারদ। দিনের দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গেই রাজ্য থেকে শীত বিদায়ের সুর বাজতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গে এখন ‘দুয়ারে বসন্ত’। মাঘের শেষেই ঋতু পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

আঞ্চলিক আবহাওয়া অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী সাত দিন মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। বর্তমানে পারদ স্বাভাবিকের নিচে থাকলেও আগামী দু-এক দিনের মধ্যেই তা স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রির ঘরে থাকলেও, আগামী কয়েক দিনে তা বেড়ে ১৯ ডিগ্রিতে পৌঁছতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কোচবিহারে হালকা কুয়াশা থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত কুয়াশার কোনো সতর্কতা নেই। উল্লেখ্য, বুধবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল কল্যাণী (১১°C), যা উত্তরবঙ্গের সমতলকেও টেক্কা দিয়েছে।