উচ্চ মাধ্যমিকে নয়া ইতিহাস! আজ থেকে শুরু সেমিস্টার যুদ্ধ, ৭ লক্ষ পরীক্ষার্থীর জন্য নজিরবিহীন কড়াকড়ি

আজ থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২০২৬ সালের এই পরীক্ষা অন্য বছরের তুলনায় সম্পূর্ণ আলাদা এবং ঐতিহাসিক। কারণ, এবারই প্রথম উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্যের মতে, এই নতুন ব্যবস্থা পরিচালনা করা সংসদের কাছে এক বিশাল চ্যালেঞ্জ।

১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেগা পরীক্ষা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার মোট ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন, যেখানে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। রাজ্যজুড়ে ৮২২টি মেইন ভেন্যু এবং ২১০৩টি সাব ভেন্যুতে ৩ ধরণের পরীক্ষা ব্যবস্থা একসাথে চলবে— চতুর্থ সেমিস্টার, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো সিলেবাসের পরীক্ষা। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট পর্যন্ত এবং পুরনো সিলেবাসের পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

পরীক্ষাকেন্দ্রে নকল রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি এবং সিসিটিভি নজরদারি চালানো হচ্ছে। মোবাইল ফোন, স্মার্টওয়াচ বা যেকোনো ইলেকট্রনিক গ্যাজেট নিষিদ্ধ করা হয়েছে। কোনো পরীক্ষার্থী অসাধু উপায় অবলম্বন করলে তার পরীক্ষা বাতিল করা হবে। প্রায় ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকার পাহারায় এবং কড়া নিরাপত্তার ঘেরাটোপে এই বৃহৎ শিক্ষামূলক যজ্ঞ পরিচালনা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।