লক্ষ্মীর ভাণ্ডারে ধামাকা! এবার মাসে ৩০০০ টাকা? ভোটের মুখে বিজেপি-র মেগা প্রতিশ্রুতিতে তোলপাড় বাংলা

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে তুঙ্গে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বিতর্ক। বর্তমানে এই প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণির মহিলারা ১০০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলারা ১২০০ টাকা করে পান। তবে এবার তৃণমূলের এই জনপ্রিয় প্রকল্পকেই হাতিয়ার করে পাল্টা চাল দিল বিজেপি।

দলীয় সূত্রে চাঞ্চল্যকর খবর, আগামী নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক অনুদান একলাফে বাড়িয়ে ৩০০০ টাকা করা হবে। বিজেপির দাবি, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে মহিলাদের প্রকৃত আর্থিক স্বনির্ভরতা দিতে ১০০০ বা ১২০০ টাকা যথেষ্ট নয়। গেরুয়া শিবিরের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শুধুমাত্র নগদ সাহায্যই নয়, স্বনির্ভর গোষ্ঠী ও ক্ষুদ্র শিল্পের মাধ্যমে মহিলাদের স্থায়ী উপার্জনের পথ তৈরি করাই হবে তাদের লক্ষ্য।

পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত এবং রাজ্য সরকারই ধাপে ধাপে টাকা বাড়িয়ে আজ এই জায়গায় এনেছে। ভোটের আগে বিজেপির এই ঘোষণাকে নিছকই ‘নির্বাচনী গিমিক’ বলে উল্লেখ করেছে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে রাজ্যের নারীভোটের নির্ণায়ক শক্তি, তাই এই প্রকল্পকে কেন্দ্র করে দড়ি টানাটানি নির্বাচনে বড় ফ্যাক্টর হতে চলেছে।