পুনেতে পুরুলিয়ার যুবকের ‘নৃশংস’ হত্যা! ঘৃণা-বিদ্বেষের রাজনীতিকে দায়ী করে গর্জে উঠলেন মমতা

মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা ২৪ বছর বয়সী পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর নৃশংস হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ উগরে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই ঘটনাকে ‘হেট ক্রাইম’ বা ঘৃণার অপরাধ হিসেবে অভিহিত করে তিনি বলেন, শুধুমাত্র ভাষা এবং পরিচয়ের কারণে ওই যুবককে টার্গেট করা হয়েছে।

পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য সুখেনের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী এক্স (পুরানো টুইটার) হ্যান্ডেলে লেখেন, “আমি হতবাক এবং মর্মাহত। এটি নিছক খুন নয়, বরং ভাষা ও শিকড়ের পরিচয়ের কারণে এক যুবককে শিকার হতে হয়েছে। ভিন্ন রাজ্যের মানুষের প্রতি ঘৃণা ছড়ানোর রাজনীতিরই করুণ পরিণতি এটি।” তিনি অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং শোকাতুর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পারদ চড়ছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ পালটা পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করে দাবি করেছেন, রাজ্যে হিন্দুদের সুরক্ষা নেই। মুর্শিদাবাদ থেকে মালদহ—বিভিন্ন জায়গায় হিন্দুরা ঘরছাড়া হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, “হিন্দুদের রক্ষা করতে তাঁদের নিজেদেরই এগিয়ে আসতে হবে।” আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একদিকে যখন তৃণমূল কংগ্রেস পরিযায়ী শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার ইস্যু তুলছে, তখন বিজেপি পাল্টা মেরুকরণের রাজনীতিকে হাতিয়ার করছে। ইন্ডিয়া ব্লকের অংশ হয়েও তৃণমূল এককভাবে লড়াইয়ের ইঙ্গিত দেওয়ায় এই বিতর্ক এখন আরও জোরালো হয়েছে।