শীতের বিদায় ঘণ্টা? রাজস্থানের বহু জেলায় তাপমাত্রা ৩০ ডিগ্রি পার, জেনে নিন আইএমডি-র পূর্বাভাস

রাজস্থানে শীতের আমেজ কমতে শুরু করেছে এবং গরমের দাপট বাড়ছে। বুধবার বিকানের, শ্রীগঙ্গানগর, চুরু এবং ঝুনঝুনু সহ একাধিক জেলায় আকাশ মেঘলা থাকায় তপ্ত বিকেলের তাপ থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন বাসিন্দারা। তবে আবহাওয়া দপ্তরের (IMD) রিপোর্ট অনুযায়ী, রাজ্যের অনেক জেলায় পারদ ইতিমধ্য়েই ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান: রাজস্থানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চিত্তোরগড়ে (৩১ ডিগ্রি সেলসিয়াস) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পালিতে (৬.২ ডিগ্রি সেলসিয়াস)। হনুমানগড়ের ফাইফানায় সামান্য (৩ মিমি) বৃষ্টিপাতও নথিভুক্ত হয়েছে। জয়পুর, আজমীর এবং কোটার মতো প্রধান শহরগুলিতে তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।
আগামী সপ্তাহের পূর্বাভাস: জয়পুর আবহাওয়া কেন্দ্রের মতে, আগামী এক সপ্তাহ রাজ্যজুড়ে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি এবং তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তনের ইঙ্গিত নেই। দিন ও রাতের তাপমাত্রার স্বাভাবিক ওঠানামা বজায় থাকবে, তবে কনকনে শীতের সম্ভাবনা আপাতত নেই বললেই চলে।