উচ্চ মাধ্যমিকে ইতিহাস! ৭ লক্ষ পরীক্ষার্থীর পাহারায় এবার ৩ স্তরের শিক্ষকরা, নজিরবিহীন সিদ্ধান্ত সংসদের

আজ থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এ বছর শিক্ষা সংসদের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল শিক্ষক সংকট মোকাবিলা করা। সেই ঘাটতি মেটাতেই এবার নজিরবিহীন পদক্ষেপ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে শুধু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকরাই নন, পাহারায় থাকছেন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও।
সংসদ সূত্রে খবর, এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ১০ হাজার। বিশাল সংখ্যক এই পরীক্ষার্থীর জন্য জেলাগুলোতে পর্যাপ্ত শিক্ষকের অভাব দেখা দিয়েছিল। পরিসংখ্যান বলছে, সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা ও নজরদারির জন্য অন্তত ৩৬ হাজার শিক্ষক-শিক্ষিকার প্রয়োজন। এই চাহিদা মেটাতেই জেলা প্রশাসনের সহযোগিতায় প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় প্রতিটি জেলাতেই এই ‘বহিরাগত’ শিক্ষকদের সাহায্য নেওয়া হচ্ছে।
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি অন্য বছরের তুলনায় খানিকটা বৈচিত্র্যময়। সংসদ জানিয়েছে, একই পরীক্ষা কেন্দ্রে এবার তিন ধরণের পরীক্ষার্থী একসাথে পরীক্ষায় বসবেন। এর মধ্যে রয়েছেন উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো সিলেবাসের অনিয়মিত পরীক্ষার্থীরা। এই ত্রিস্তরীয় পরীক্ষা ব্যবস্থা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, তার জন্য কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে মেটাল ডিটেক্টর ব্যবহারের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার নজরদারিও থাকবে। শিক্ষক সংকটের এই অভিনব সমাধান পরীক্ষার স্বচ্ছতা কতটা বজায় রাখতে পারে, এখন সেটাই দেখার।