বিশেষ: যুবসাথীর ১৫০০ টাকা পেতে কবে থেকে ক্যাম্পে ফর্ম ফিলআপ? জেনেনিন বিস্তারিত

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড়সড় কর্মসংস্থান ও আর্থিক সহায়তার ডালি নিয়ে এল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘যুবসাথী’ প্রকল্পের মাধ্যমে এবার মাধ্যমিক পাশ বেকাররা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পেতে চলেছেন। আগামী এপ্রিল মাস থেকেই এই ভাতার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। বছরে মোট ১৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের যুবক-যুবতীদের।
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের টাকা টানা ৫ বছর পর্যন্ত পাওয়া যাবে। যদি এই সময়ের মধ্যে আবেদনকারী কোনও স্থায়ী চাকরি না পান, তবে ভাতার আবেদন পুনরায় ‘রিনিউ’ বা নবীকরণ করা যাবে। এই প্রকল্পের জন্য অফলাইনে নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনের সার্ভার বিভ্রাট বা জটিলতা এড়াতে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই একটি করে বিশেষ ক্যাম্প খোলা হবে। আগামী ১৫ই মার্চ থেকে ২৬শে মার্চ পর্যন্ত এই ক্যাম্পগুলি চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (ছুটির দিন বাদে) যোগ্য প্রার্থীরা ক্যাম্পে গিয়ে নাম রেজিস্টার করাতে পারবেন।
যোগ্যতার নিরিখে সরকার জানিয়েছে, আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ। তবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস, ঐক্যশ্রী বা মেধাশ্রীর মতো শিক্ষাবৃত্তি যারা পাচ্ছেন, তারাও যুবসাথীর জন্য আবেদন করতে পারবেন। কিন্তু একটি বিষয় স্পষ্ট করা হয়েছে— যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো স্কিমের সুবিধা নিচ্ছেন, তারা এই প্রকল্পের টাকা পাবেন না। মূলত কর্মসংস্থানের খোঁজে থাকা বেকারদের লক্ষ্য করেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।