পশুপতিনাথ থেকে বৈদ্যনাথ ধাম! ২৫০ কিমি দীর্ঘ হাই-স্পিড করিডোর, বিহারের এই জেলাগুলোর খুলবে ভাগ্য

ভারত ও নেপালের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন আরও মজবুত করতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল বিহার সরকার। নেপালের কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির থেকে ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ ধাম পর্যন্ত তৈরি হতে চলেছে ২৫০ কিলোমিটার দীর্ঘ এক হাই-স্পিড গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। বিহারের পথ নির্মাণ মন্ত্রী ডঃ দিলীপ জয়সোয়াল বিধানসভায় এই উচ্চাভিলাষী প্রকল্পের কথা ঘোষণা করেছেন।
কোন পথে চলবে এই এক্সপ্রেসওয়ে? এই করিডোরটি নেপালের কাঠমান্ডু থেকে শুরু হয়ে ভীমনগর ও বীরপুর সীমান্ত দিয়ে বিহারের সুপোল জেলায় প্রবেশ করবে। এরপর এটি বিহারের মধেপুরা, সহরসা, খাগড়িয়া, মুঙ্গের এবং বাঁকা জেলার বুক চিরে ঝাড়খণ্ডের দেওঘর পর্যন্ত পৌঁছাবে। এর ফলে কয়েক ঘণ্টার মধ্যেই এক ধাম থেকে অন্য ধামে পৌঁছাতে পারবেন পুণ্যার্থীরা।
অর্থনৈতিক ও ধর্মীয় গুরুত্ব: এই প্রকল্প শুধুমাত্র পর্যটন নয়, বরং বিহারের অর্থনৈতিক মানচিত্রকেও বদলে দেবে। এটি রক্সৌল-হলদিয়া এবং দ্বারভাঙা-আমাস এক্সপ্রেসওয়ের মতো গুরুত্বপূর্ণ রুটের সঙ্গে যুক্ত হবে। ফলে ভারত-নেপাল সীমান্তে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। এছাড়া ভারত-নেপাল সীমান্ত সড়ক প্রকল্পের আওতায় বিহারের ৭টি জেলায় আরও ৫৫৪ কিমি রাস্তা তৈরির কাজ চলছে, যা সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।