প্রতি মাসে অ্যাকাউন্টে সরাসরি ১২০০ টাকা! রাজস্থান বাজেটে লটারি লাগল এই বিশেষ শ্রেণির, আপনিও আছেন কি তালিকায়?

২০২৬-২৭ অর্থবর্ষের রাজস্থান বাজেটে সাধারণ মানুষের জন্য বড়সড় উপহারের ডালি সাজিয়ে দিলেন উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী দিয়া কুমারী। আদিবাসী উন্নয়ন থেকে শুরু করে শ্রমিকদের ডিজিটাল ক্ষমতায়ন— সরকারের এই বাজেট এবার সরাসরি সাধারণ মানুষের পকেটে সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাজানো হয়েছে।
১২০০ টাকার সরাসরি সুবিধা: বাজেটের অন্যতম বড় ঘোষণা হলো সাহারিয়া ও কাঠোদি উপজাতি পরিবারগুলির জন্য। এতদিন এই পরিবারগুলিকে রেশন থেকে ঘি ও তেল দেওয়া হত। সরকার সেই পুরনো ব্যবস্থা বাতিল করে ‘ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার’ (DBT) চালু করেছে। এখন থেকে প্রায় ৩৮ হাজার আদিবাসী পরিবারের মহিলা প্রধানদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি ১,২০০ টাকা জমা হবে। এর ফলে পরিবারগুলি নিজেদের প্রয়োজন অনুযায়ী সেই টাকা খরচ করতে পারবে।
শ্রমিক ও পড়ুয়াদের জন্য বড় ঘোষণা: শ্রমিকদের জন্য সরকার নিয়ে আসছে ‘শ্রম সেতু’ মোবাইল অ্যাপ। ঘরে বসেই রেজিস্ট্রেশন থেকে পরিচয়পত্র পাওয়া— সব হবে এক ক্লিকে। অন্যদিকে, মেধাবী পড়ুয়াদের জন্য ল্যাপটপ কিনতে ২০,০০০ টাকার ই-ভাউচার দেওয়ার ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, শহীদ পরিবারের কন্যাদের বার্ষিক বৃত্তির পরিমাণ বাড়িয়ে ২,০০০ টাকা করেছে ভজনলাল সরকার। বনজ অর্থনীতি শক্তিশালী করতে বাঁশওয়ারা ও উদয়পুরে তৈরি হবে বিশেষ প্রক্রিয়াকরণ কেন্দ্র। স্বচ্ছতা এবং ডিজিটাল ক্ষমতায়নই রাজস্থানের এই বাজেটের মূল ভিত্তি।