‘আমি সেই ভারত থেকে এসেছি…’, লোকসভায় অভিষেকের ভাষণে তোলপাড়!

সংসদ অধিবেশনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক সাম্প্রতিক ভাষণ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে কোনও রাজনৈতিক নেতা নন, বরং একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান। ২০২১ সালে বিদেশের মাটিতে ভারতের দুই রূপ নিয়ে বীর দাসের করা সেই বিতর্কিত ‘টু ইন্ডিয়া’ (Two Indias) মনোলোগের রেশ এবার পৌঁছে গেল লোকসভার অন্দরে। অভিষেকের মুখে নিজের নাম শুনে কার্যত আকাশ থেকে পড়েছেন খোদ বীর দাস।

বাজেট অধিবেশনের বক্তৃতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বীর দাসের সেই কেনেডি সেন্টারের পারফরম্যান্স উদ্ধৃত করে বলেন, “স্যার, ২০২১ সালে হাজার হাজার মাইল দূরে দাঁড়িয়ে ভারতের এক তরুণ কমেডিয়ান বীর দাস দুটি ভারতের কথা তুলে ধরেছিলেন। অনেকে হেসেছিলেন, কেউ রেগে গিয়েছিলেন। কিন্তু তিনি যা বলেছিলেন তা কমেডি ছিল না, তা ছিল একটি সতর্কবাণী ও জাতির জন্য আয়না। কারণ আমিও সেই দুটি ভারত থেকেই এসেছি।” অভিষেকের এই মন্তব্যে স্পষ্ট ছিল দেশের অভ্যন্তরীণ বৈষম্য ও রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা।

সাংসদের মুখে নিজের কথা শুনে অবাক বীর দাস সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি অভিষেকের ভাষণের অংশগুলি জুড়ে দিয়ে নিজের বিস্ময় প্রকাশ করেন। বীরকে ভিডিওতে বলতে শোনা যায়, “সংসদে আমার কথা হচ্ছে? সিরিয়াসলি? আমি লজ্জিত যে এটা সংসদের ফ্লোরে ঘটছে।” পাশাপাশি তিনি রসিকতার ছলে বলেন যে, সেই সময় অনেকে বিরক্ত হলেও এখন তা সংসদের তলায় শোনা যাচ্ছে।

এই সুযোগে বীর দাস তাঁর আসন্ন বিশ্ব ভ্রমণ ‘হে স্ট্রেঞ্জার – আ ট্যুর অফ দ্য ওয়ার্ল্ড’-এর ঘোষণাও করে দেন। তিনি মজার ছলে বলেন, “এখনই দেশ ছেড়ে চলে যাওয়ার ভালো সময়।” উল্লেখ্য, ২০২১ সালে বীর দাস কেনেডি সেন্টারে বলেছিলেন, “আমি এমন এক ভারত থেকে এসেছি যেখানে দিনে নারীকে পুজো করা হয় আর রাতে গণধর্ষণ করা হয়।” এই মন্তব্যের জেরে ভারতে তাঁর বিরুদ্ধে সাতটি পুলিশি মামলা দায়ের হয়েছিল এবং তাঁকে দেশদ্রোহী তকমাও দেওয়া হয়েছিল। অভিষেকের ভাষণে সেই পুরনো বিতর্ক ফের নতুন মাত্রা পেল।