এপস্টাইন কাণ্ডে রাহুল গান্ধীর বিস্ফোরক দাবি! পালটা জবাবে হারদীপ পুরী যা বললেন শুনলে চমকে যাবেন

বুধবার লোকসভার উত্তপ্ত আবহে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সরাসরি তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী হারদীপ সিং পুরী। বিতর্কিত মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টাইনের প্রসঙ্গ টেনে রাহুল গান্ধী যে অভিযোগ তুলেছিলেন, তাকে কেবল ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দেননি পুরী, বরং রাহুলের রাজনীতি করার ধরন নিয়েও কড়া সমালোচনা করেছেন তিনি।

রাহুলকে কড়া জবাব: হারদীপ পুরী বলেন, “আমাদের একজন তরুণ নেতা আছেন (রাহুল গান্ধী), যাঁর সংসদে দাঁড়িয়ে ভিত্তিহীন অভিযোগ করাটা অভ্যাসে পরিণত হয়েছে।” তিনি নেতাদের দুটি শ্রেণিতে ভাগ করে জানান, একদল নেতা দেশের জন্য দায়িত্ব নেন এবং অর্থনীতিকে বদলে দেন। যার ফলে ভারত আজ দশম থেকে চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আর অন্য একদল নেতা আছেন যারা কেবল বিদেশ ভ্রমণ করেন এবং সংসদে গুরুত্বপূর্ণ আলোচনার সময় ওয়াক আউট করেন।

এপস্টাইন বিতর্কের আসল সত্যি: এপস্টাইন বিতর্ক নিয়ে সাফাই দিয়ে মন্ত্রী বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সারবত্তা নেই। সেই সময় আইপিআই (IPI) প্রতিনিধি দলের অংশ হিসেবে আমি বড়জোর ৩ থেকে ৪ বার এপস্টাইনের সঙ্গে দেখা করেছিলাম। এপস্টাইনের যৌন অপরাধমূলক জগতের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না।” তিনি আরও যোগ করেন, এপস্টাইন নিজেই তাঁকে ‘দুই মুখো মানুষ’ (Two-faced) বলেছিলেন কারণ তিনি এপস্টাইনের কুপ্রস্তাবে বা তাঁর ধরনে সাড়া দেননি। পুরীর দাবি, রাহুল গান্ধীর উচিত আগে ইমেলগুলো ভালো করে পড়া।