বিজয়া একাদশী ২০২৬: ১২ না ১৩ ফেব্রুয়ারি? জানুন সঠিক তারিখ, শুভ মাহেন্দ্রক্ষণ ও উপবাস ভাঙার সময়

হিন্দু ধর্মে যে কোনো একাদশী অত্যন্ত পবিত্র হলেও ‘বিজয়া একাদশী’র গুরুত্ব অপরিসীম। বিশেষ করে যারা জীবনে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন বা শত্রুর ষড়যন্ত্রে জেরবার, তাদের জন্য এই ব্রত এক মহৌষধ। ২০২৬ সালে এই তিথি নিয়ে ভক্তদের মনে কিছুটা বিভ্রান্তি থাকলেও, শাস্ত্রীয় পঞ্জিকা অনুসারে এর সময়সূচি এবং মাহাত্ম্য অত্যন্ত স্পষ্ট।
১২ নাকি ১৩ ফেব্রুয়ারি— কবে উপবাস? হিন্দু পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তিথি শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১২টা ২২ মিনিটে। তিথি সমাপ্ত হবে ১৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২টো ২৫ মিনিটে। উদয়া তিথি এবং বৈষ্ণব শাস্ত্রের নিয়ম মেনে আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখেই বিজয়া একাদশী ব্রত পালন করা অধিক যুক্তিযুক্ত। উপবাস ভাঙার বা পারণের শুভ সময় হলো ১৪ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ৯টা ১৪ মিনিটের মধ্যে।
পূজার বিশেষ মুহুর্ত: বিজয়া একাদশীর দিন ব্রহ্ম মুহূর্ত (ভোর ৫:১১ – ৬:০৬) এবং অভিজিৎ মুহূর্ত (দুপুর ১২:৪৫ – ১:২৫) পূজার জন্য অত্যন্ত শুভ। তবে বিশেষ মনোবাঞ্ছা পূরণের জন্য ‘বিজয় মুহূর্ত’ অর্থাৎ দুপুর ২:৪৬ থেকে ৩:২৬-এর মধ্যে আরাধনা করা শ্রেষ্ঠ।
পুরাণ মতে গুরুত্ব: পৌরাণিক কথা অনুযায়ী, ত্রেতা যুগে লঙ্কা জয়ের উদ্দেশ্যে সমুদ্র তীরে ভগবান শ্রীরামচন্দ্র স্বয়ং তাঁর বানর সেনার সাথে এই বিজয়া একাদশী ব্রত পালন করেছিলেন। বিশ্বাস করা হয়, ভক্তিভরে এই ব্রত পালন করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয় এবং মৃত্যুর পর মোক্ষ প্রাপ্তি ঘটে। যারা এই দিন ভগবান বিষ্ণুর পূজা করেন, তারা কেবল জয়লাভই করেন না, বরং তাঁদের জীবনের সমস্ত আর্থিক ও মানসিক দৈন্য দূর হয়।