থাইল্যান্ডের স্কুলে বন্দুকবাজের তাণ্ডব! শিশুসহ ৩ জনকে গুলি করে শিক্ষক- পড়ুয়াদের জিম্মি করল আততায়ী

স্কুল ছুটির ঠিক আগের মুহূর্ত। খুদে পড়ুয়ারা তখন বাড়ি ফেরার অপেক্ষায়। ঠিক সেই সময়েই হাড়হিম করা এক হামলার সাক্ষী থাকল থাইল্যান্ডের সোংখলা প্রদেশের হাট ইয়াই এলাকা। পাতং প্রথান খিরি উইট স্কুলে এক ১৮ বছর বয়সী সশস্ত্র তরুণ এমফোর (M4) সাবমেশিন গান নিয়ে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় স্কুলের অধ্যক্ষসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
রক্তাক্ত স্কুল চত্বর: প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বন্দুকধারী যুবক স্কুলে ঢুকেই আতঙ্ক সৃষ্টি করে। স্কুলের এক নিরাপত্তারক্ষী জানান, আততায়ী সরাসরি অধ্যক্ষকে লক্ষ্য করে গুলি চালায়। সেই সময় বাধা দিতে গেলে ওই নিরাপত্তারক্ষীর পেটেও গুলি লাগে। যন্ত্রণায় কাতরাতে থাকা মানুষদের ফেলে রেখেই বেশ কয়েকজন শিক্ষক ও ছাত্রকে একটি ঘরে জিম্মি করে ফেলে ওই তরুণ। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, ভীতসন্ত্রস্ত শিশুরা স্কুল ভবনের বিভিন্ন কোণে লুকিয়ে পড়ে।
পুলিশি অভিযান ও আত্মসমর্পণ: খবর পেয়েই হাট ইয়াই পুলিশ গোটা স্কুল এলাকা ঘিরে ফেলে। পাঠানো হয় পুলিশের বিশেষ কমান্ডো দল। প্রায় কয়েক ঘণ্টার টানটান উত্তেজনার পর, পুলিশের সঙ্গে দীর্ঘ আলোচনা ও লড়াই শেষে আক্রমণকারীকে হেফাজতে নেওয়া সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের বয়স মাত্র ১৮ বছর। কেন সে এই ভয়াবহ হামলা চালাল, তার কারণ এখনও স্পষ্ট নয়। আপাতত আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে এবং গোটা এলাকা জুড়ে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।