দিল্লি মেট্রোয় বড় ধামাকা! শুরু হচ্ছে Phase V(A), ইন্ডিয়া গেট থেকে সেন্ট্রাল ভিস্টা— সব জুড়বে এবার মেট্রোয়

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বিপ্লব আনতে বড় পদক্ষেপ নিল দিল্লি সরকার। বুধবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সভাপতিত্বে আয়োজিত ক্যাবিনেট মিটিংয়ে দিল্লি মেট্রো প্রকল্পের Phase V(A)-তে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ১২,০১৪.৯১ কোটি টাকার এই বিশাল প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। এর মধ্যে দিল্লি সরকার একাই ২,৯৪০.৪৬ কোটি টাকা খরচ করবে।
সেন্ট্রাল ভিস্টা ও সরকারি কর্মীদের জন্য বড় খবর: এই নতুন পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আর.কে আশ্রম মার্গ থেকে ইন্দ্রপ্রস্থ করিডোর। এটি সরাসরি সেন্ট্রাল ভিস্টা এলাকাকে স্পর্শ করবে। কর্তব্য ভবন কমপ্লেক্সসহ দিল্লির প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলো এবার মেট্রোর মানচিত্রে আরও স্পষ্টভাবে ফুটে উঠবে। এর ফলে প্রায় ৬০,০০০ সরকারি কর্মচারী এবং দৈনিক অন্তত ২ লক্ষ নিত্যযাত্রী উপকৃত হবেন। ৯.৯১ কিমি দীর্ঘ এই পথে ইন্ডিয়া গেট, ভারত মণ্ডপম এবং সুপ্রিম কোর্টের মতো গুরুত্বপূর্ণ স্টপেজ থাকবে।
মঞ্জুর হওয়া ৩টি করিডোর ও রুট ম্যাপ: ১. আরকে আশ্রম মার্গ থেকে ইন্দ্রপ্রস্থ: ৯টি স্টেশন, সম্পূর্ণ ৯.৯১ কিমি রুট। ২. অ্যারোসিটি থেকে আইজিডি টার্মিনাল-১: ২.২৬ কিমি রুট, যা বিমানবন্দর কানেক্টিভিটি সহজ করবে। ৩. তুঘলকাবাদ থেকে কালিন্দি কুঞ্জ: ৩.৯ কিমি দীর্ঘ রুট, যা দক্ষিণ-পূর্ব দিল্লির যানজট কমাবে।
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই প্রজেক্টের জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন এবং জানিয়েছেন, এটি প্রধানমন্ত্রীর ‘7-C’ ভিশন অর্থাৎ ক্লিন, কনজেশন-ফ্রি এবং কানেক্টেড মোবিলিটির পথে এক বড় ধাপ।