হাসপাতাল থেকে ফিরলেন অভিষেক শর্মা! নামিবিয়ার বিরুদ্ধে কি ওপেন করবেন এই বিধ্বংসী ব্যাটার?

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ১৮তম ম্যাচে বৃহস্পতিবার নামিবিয়ার মুখোমুখি হতে চলেছে ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই মহারণের আগে ভারতীয় সমর্থকদের জন্য এল স্বস্তির খবর। হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন দলের তারকা ওপেনার অভিষেক শর্মা। তবে নামিবিয়ার বিরুদ্ধে তিনি প্রথম একাদশে থাকবেন কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিলক বর্মার আপডেট: ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে তরুণ তুর্কি তিলক বর্মা বলেন, “অভিষেক আজই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কাল তিনি শারীরিকভাকে কেমন অনুভব করছেন, তার ওপর ভিত্তি করেই ম্যাচে নামার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” এর আগে ভারতের অ্যাসিস্ট্যান্ট কোচ রয়ান টেন ডেসকাট জানিয়েছিলেন যে, অভিষেকের পেটে সংক্রমণজনিত কিছু সমস্যা ছিল।

প্রথম ম্যাচে ব্যর্থতা ও জল্পনা: বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে গোল্ডেন ডাক (শূন্য রান) করে হতাশ করেছিলেন অভিষেক। ফিল্ডিংয়ের সময়ও তাকে মাঠে দেখা যায়নি, তার বদলে সঞ্জু স্যামসনকে দীর্ঘক্ষণ ফিল্ডিং করতে দেখা যায়। ম্যাচ শেষে হাত মেলানোর সময়ও অভিষেক না থাকায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছিল। তবে এখন তিনি সুস্থ হয়ে ফেরায় নামিবিয়া ম্যাচে তার প্রত্যাবর্তনের আশা দেখছে টিম ম্যানেজমেন্ট।