মুম্বইয়ের রাস্তায় গাড়ি চললেই বাজবে ‘জয় হো’! ভারতে প্রথমবার তৈরি হলো মিউজিক্যাল রোড, দেখুন ভিডিও

মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় ড্রাইভিং এখন আর একঘেয়ে থাকবে না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আজ কোস্টাল রোড করিডোরে দেশের প্রথম ‘মিউজিক্যাল রোড’-এর উদ্বোধন করেছেন। হাঙ্গেরির ধাঁচে তৈরি এই রাস্তায় গাড়ি গেলেই যাত্রীরা এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী থাকবেন। দক্ষিণ মুম্বইয়ের নরিমন পয়েন্ট থেকে ওরলির দিকে যাওয়ার পথে উত্তর ক্যা রিজওয়েতে এই বিশেষ রাস্তাটি তৈরি করা হয়েছে।
কীভাবে কাজ করে এই মিউজিক্যাল রোড? মুম্বই পুরসভা (BMC) এবং প্রাক্তন সাংসদ রাহুল শেওয়ালের ভাবনায় তৈরি এই ৫০০ মিটারের রাস্তাটিতে বিশেষ ধরণের ‘রুম্বল স্ট্রিপ’ বা খাঁজকাটা অংশ বসানো হয়েছে। যখন কোনো গাড়ি ৭০-৮০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে এই খাঁজগুলোর ওপর দিয়ে যাবে, তখন টায়ারের ঘর্ষণে এবং কম্পনে তৈরি হবে সুর। সেই সুরেই বেজে উঠবে ‘স্লামডগ মিলিওনেয়ার’ ছবির অস্কারজয়ী গান ‘জয় হো’।
উদ্দেশ্য ও নিরাপত্তা: জাপানে ২০০৭ সালে প্রথম এই প্রযুক্তির উদ্ভাবন হয়। মুম্বই প্রশাসনের লক্ষ্য হলো, এই মিউজিক্যাল রোডের মাধ্যমে চালকদের নির্দিষ্ট গতিসীমা মেনে চলতে উৎসাহিত করা। কারণ, গতি খুব বেশি বা কম হলে গানটি স্পষ্ট শোনা যাবে না। চালকদের সতর্ক করতে ৫০০ মিটার আগে থেকেই সাইনবোর্ড লাগানো হয়েছে। কোস্টাল রোডের আন্ডারগ্রাউন্ড টানেল থেকে বেরোনোর ঠিক পরেই সুরের এই জাদু শুরু হবে।