কানাডায় রক্তগঙ্গা! হাইস্কুলে বন্দুকবাজের তাণ্ডবে ১০ জনের মৃত্যু, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী মোদী

বুধবার এক ভয়াবহ রক্তপাতের সাক্ষী থাকল কানাডা। ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুলে বন্দুকবাজের বেপরোয়া গুলিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত বিশ্বজুড়ে। বুধবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
কী ঘটেছিল সেই অভিশপ্ত দুপুরে? রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১:২০ নাগাদ স্কুল চত্বরে হানা দেয় এক আততায়ী। আচমকাই সে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পুলিশের রিপোর্ট অনুযায়ী, ৬ জনের দেহ স্কুলের ভেতরেই পাওয়া যায়। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। ঘটনায় আরও ২৫ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ যখন ভেতরে প্রবেশ করে, তখন তারা আততায়ী নিজের বন্দুকের গুলিতেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। প্রাথমিক অনুমান, গণহত্যা চালানোর পর সে আত্মঘাতী হয়েছে।
ভারতের শোকবার্তা: প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’-এ লিখেছেন, “কানাডার এই ভয়াবহ শুটিংয়ের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যারা স্বজন হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এই কঠিন সময়ে ভারত কানাডার মানুষের পাশে রয়েছে।” বর্তমানে কানাডার নিরাপত্তা সংস্থাগুলি খতিয়ে দেখছে যে এই ঘটনায় ওই বন্দুকবাজের সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না।