ভোটের মুখে নবান্নে বড় রদবদল! স্বরাষ্ট্রসচিবের হাত থেকে গেল ক্ষমতা, নতুন দায়িত্বে প্রভাত মিশ্র!

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। এক তাৎপর্যপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তে রাজ্যের বর্তমান অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার (P&AR) দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা (জে পি মীনা)। বুধবার নবান্নের পক্ষ থেকে এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে।
প্রশাসনিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই স্বরাষ্ট্রসচিবের কাজের চাপ কমানো এবং নির্বাচনী প্রক্রিয়ার জটিলতা সামাল দিতেই এই রদবদল। সাধারণত, এই দফতরের জন্য আলাদা সচিব না থাকলে স্বরাষ্ট্রসচিবই সেই দায়িত্ব পালন করেন। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যে নির্বাচন আসন্ন হওয়ায় নির্বাচন কমিশন এবার কড়া মনোভাব গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৫ জন IAS এবং ১০ জন IPS আধিকারিককে কেন্দ্রীয় পর্যবেক্ষক তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে খোদ স্বরাষ্ট্রসচিব জে পি মীনার নামও রয়েছে।
নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েক জন আধিকারিককে এই তালিকা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হলেও কমিশন তাতে পুরোপুরি সায় দেয়নি। ফলে জে পি মীনাকে যদি নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব নিয়ে ভিন রাজ্যে যেতে হয়, তবে নবান্নের দৈনন্দিন প্রশাসনিক কাজ যাতে থমকে না যায়, তা নিশ্চিত করতেই প্রভাতকুমার মিশ্রকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে প্রশাসনিক অলিন্দে গুঞ্জন, এটি কেবল শুরু। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে জেলা স্তরের প্রশাসন এবং পুলিশের উচ্চপদে আরও বড় রদবদল ঘটতে পারে।