২০৪৭ সালের মধ্যে ৩০৮ লক্ষ কোটির অর্থনীতি! অন্ধ্রপ্রদেশের জন্য ‘স্বর্ণ অন্ধ্র’ ভিশন রাজ্যপালের

অন্ধ্রপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল এস আব্দুল নাজির রাজ্যের ভবিষ্যৎ নিয়ে এক অত্যন্ত উচ্চাভিলাষী রূপরেখা পেশ করেছেন। বুধবার বিধানসভার যৌথ অধিবেশনে তিনি ঘোষণা করেন যে, ২০৪৭ সালের মধ্যে অন্ধ্রপ্রদেশকে ৩০৮ লক্ষ কোটি টাকার (৩.৪ ট্রিলিয়ন ডলার) অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়েছে চন্দ্রবাবু নাইডুর সরকার। এই লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজ্যের প্রতিটি নাগরিকের গড় মাথাপিছু আয় দাঁড়াবে ৫৫ লক্ষ টাকা। রাজ্যপাল জানান, বর্তমানে রাজ্যের মাথাপিছু আয় ২.৯৫ লক্ষ টাকায় পৌঁছেছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

রাজ্যপালের এই গুরুত্বপূর্ণ ভাষণের মাঝেই বিধানসভায় নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রধান বিরোধী দলের মর্যাদার দাবিতে জগন মোহন রেড্ডির নেতৃত্বাধীন ওয়াইএসআরসিপি (YSRCP) বিধায়করা স্লোগান দিতে থাকেন এবং একপর্যায়ে কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান। প্রায় এক বছর পর জগন মোহন রেড্ডি বিধানসভায় উপস্থিত হলেও তাঁর ওয়াকআউট রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজ্যপাল তাঁর ভাষণে অমরাবতীকে স্থায়ী রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ আইন আনার প্রস্তুতির কথাও জানান। এছাড়া ‘সুপার সিক্স’ গ্যারান্টি, বিনামূল্যে বাস পরিষেবা এবং স্বাস্থ্য বীমার ঊর্ধ্বসীমা ২৫ লক্ষ টাকা পর্যন্ত করার মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন তিনি।