“আমরা চাকর নই!” সংসদ কাঁপিয়ে সরাসরি ট্রাম্পকে হুঁশিয়ারি রাহুল গান্ধীর, তোলপাড় দিল্লি!

বাজেট অধিবেশনে লোকসভায় দাঁড়িয়ে মোদী সরকার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যেকার বাণিজ্য চুক্তি নিয়ে বেনজির আক্রমণ শানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মার্শাল আর্ট এবং জুজুৎসুর উদাহরণ টেনে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ভারতের স্বার্থ বিসর্জন দিয়ে ট্রাম্পকে চুক্তির শর্ত ঠিক করার একচেটিয়া অধিকার দিয়ে দিয়েছে। রাহুলের সাফ বার্তা, “প্রেসিডেন্ট ট্রাম্প জেনে রাখুন, ভারত তাঁর চাকর নয়। আমাদের সঙ্গে সমকক্ষ হিসেবে কথা বলতে হবে।”
রাহুলের দাবি, বর্তমান বিশ্বে ‘ডেটা’ বা তথ্যই হলো আসল সম্পদ, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর পেট্রোল হিসেবে কাজ করে। চিনের সুপার-পাওয়ার হওয়ার দৌড়কে রুখতে এবং ডলারের আধিপত্য বজায় রাখতে আমেরিকার কাছে ভারতের বিশাল জনসখ্যার ডেটা অত্যন্ত জরুরি। কংগ্রেস নেতার অভিযোগ, ইন্ডিয়া জোট ক্ষমতায় থাকলে এই ডেটাকে হাতিয়ার করে আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে দর কষাকষি করত। কিন্তু মোদী সরকার ডিজিটাল ট্রেড রুলস, ডেটা লোকালাইজেশন এবং সোর্স কোড প্রকাশের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমেরিকার হাতে নিয়ন্ত্রণ তুলে দিয়েছে। ২০ বছরের জন্য ট্যাক্স হলিডে দিয়ে ভারতীয় বাজারকে আমেরিকার সামনে কার্যত অরক্ষিত করে দেওয়া হয়েছে।
শুল্ক বা ট্যারিফ প্রসঙ্গেও প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছেন রাহুল। তিনি জানান, গড়ে ৩ শতাংশ শুল্ক বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে, যার ফলে আমেরিকার ভারত থেকে আমদানি কয়েক গুণ বেড়ে যাবে। অথচ বদলে ভারত কী পেল, তার কোনও দিশা নেই। রাহুলের বিস্ফোরক অভিযোগ, “আমেরিকা এখন ঠিক করে দেবে ভারত কার কাছ থেকে তেল কিনবে। আমাদের কৃষকদের ভবিষ্যৎ আমেরিকার হাতে সঁপে দেওয়া হয়েছে। আমেরিকার অস্ত্র এখন আমাদের বিরুদ্ধেই ব্যবহার করতে দেওয়া হচ্ছে।” বাংলাদেশের সঙ্গে শুল্ক বৈষম্য এবং আমেরিকার ভুট্টা ও সয়াবিনের জন্য ভারতের বাজার খুলে দেওয়াকে ঐতিহাসিক ভুল হিসেবে চিহ্নিত করেছেন তিনি।