১৯ ঘণ্টা নরকযন্ত্রণা, শেষে মৃত্যু! দিল্লির খোলা ম্যানহোলে প্রাণ গেল বিহারের শ্রমিকের

দিল্লির রোহিণী সেক্টর ৩২-এ এক চরম মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩২ বছর বয়সী পরিযায়ী শ্রমিক বিরজু কুমার রাই। বিহারের সমস্তিপুরের বাসিন্দা বিরজু পরিবারের মুখে অন্ন জোগাতে দিল্লিতে শ্রমিকের কাজ করতে এসেছিলেন। কিন্তু গত সোমবার রাতে এক খোলা ম্যানহোল তাঁর জন্য মৃত্যুফাঁদ হয়ে দাঁড়াল। ঘটনার ভয়াবহতা আরও বাড়িয়েছে তাঁর বন্ধুর নেশাগ্রস্ত অবস্থা; বিরজু ম্যানহোলে পড়ে যাওয়ার ১৯ ঘণ্টা পর তাঁর বন্ধুর হুঁশ ফেরে যে বিরজু পাশে নেই!
পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৭টা নাগাদ মদ্যপ অবস্থায় দুই বন্ধু বাড়ি ফিরছিলেন। অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১৪ ফুট গভীর খোলা ম্যানহোলে পড়ে যান বিরজু। তাঁর বন্ধু বুধন দাস এতটাই মদ্যপ ছিলেন যে তিনি কিছু বুঝতেই পারেননি। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ বুধনের নেশা কাটলে তিনি অন্যদের খবর দেন। অভিযোগ উঠেছে, খবর দেওয়ার পরেও উদ্ধারকারী দল পৌঁছাতে দেরি করে। মঙ্গলবার রাত ৯টা নাগাদ যখন বিরজুকে তোলা হয়, ততক্ষণে সব শেষ। রেখে গিয়েছেন বৃদ্ধা মা এবং তিন নাবালক সন্তানকে। দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ (DDA)-এর এই চরম গাফিলতি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।