প্রতিবেশী শিশুদের শব্দে মেজাজ হারিয়ে চরম কাণ্ড! সিঙ্গাপুরে কড়া আইনি শাস্তির মুখে ভারতীয় বংশোদ্ভূত

প্রতিবেশীর শিশুদের খেলার আওয়াজে অতিষ্ঠ হয়ে এক চরম অবমাননাকর কাণ্ড ঘটিয়ে বসলেন সিঙ্গাপুরের এক ভারতীয় বংশোদ্ভূত যুবক। ৩৬ বছর বয়সী ভিকনেশ্বরন ভি মগনাভাল নামের ওই ব্যক্তিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং সরকারি কর্মকর্তার সাথে অভব্য আচরণের দায়ে ১৪ সপ্তাহের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের আদালত।

ঘটনাটি ঘটে গত বছর দীপাবলির রাতে। অভিযুক্ত ভিকনেশ্বরন দাবি করেন, তাঁর প্রতিবেশী মালয়-মুসলিম পরিবারের শিশুরা করিডোরে চিৎকার করে খেলাধুলা করছিল, যার ফলে তিনি বাড়িতে উৎসবের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন। রাগের মাথায় তিনি একটি শুকরের মাংসের (Pork) ক্যান খোলেন এবং করিডোরের মেঝেতে তা ছড়িয়ে দেন। তিনি জানতেন যে ইসলাম ধর্মে শুকরের মাংস নিষিদ্ধ এবং প্রতিবেশীদের অপমান করতেই তিনি এই কাজ করেছিলেন। এর আগে ফেব্রুয়ারিতে তিনি পুলিশের সাথেও দুর্ব্যবহার করেছিলেন। আদালতের বিচারক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সিঙ্গাপুরের মতো বহু-ধর্মীয় দেশে এই ধরনের অসহিষ্ণুতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যদিও ভিকনেশ্বরন আদালতে ক্ষমা চেয়েছেন, তবে তাঁর এই ‘অপরিণত’ কাজের জন্য জেল খাটতেই হচ্ছে।