রাজ্য পুলিশে নিয়োগে হাইকোর্টের বিরাট নির্দেশ! নম্বরহীন তালিকা নিয়ে বিপাকে রিক্রুটমেন্ট বোর্ড!

পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ নিয়ে বড়সড় মোড়। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার সরাসরি হস্তক্ষপ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে, নিয়োগের লিখিত পরীক্ষার নম্বর সম্বলিত পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে (PRB) এই পদক্ষেপ নিতে হবে।
২০২৪ সালের নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে ২০২৫ সালে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। গত ২৯শে ডিসেম্বর সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও দেখা যায়, বোর্ড শুধুমাত্র সফল প্রার্থীদের নাম প্রকাশ করেছে, কিন্তু কারোর প্রাপ্ত নম্বর উল্লেখ করেনি। এই ‘নম্বরহীন’ তালিকাকে ঘিরেই দাউদাউ করে জ্বলে ওঠে বিতর্কের আগুন। স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন পরীক্ষার্থীরা। সেই মামলার প্রেক্ষিতেই আদালত সাফ জানিয়ে দিল, লুকোছাপা নয়, নম্বর-সহ তালিকাই হবে একমাত্র স্বচ্ছ পদ্ধতি।
অন্যদিকে, উচ্চতা পরিমাপ সংক্রান্ত অন্য একটি মামলায় ১৫ জন চাকরিপ্রার্থীকে বিশেষ স্বস্তি দিয়েছে আদালত। আমানা খাতুন, তসলিমা নাসরিনদের মতো আবেদনকারীদের অভিযোগ ছিল, ফিজিক্যাল টেস্টের সময় তাঁদের উচ্চতা ভুলভাবে মাপা হয়েছে। তাঁদের দাবি, পূর্ববর্তী পরীক্ষার তুলনায় এই পরীক্ষায় উচ্চতা রহস্যজনকভাবে কম দেখানো হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বিচারপতি নির্দেশ দিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীরা পুনরায় আবেদন করতে পারবেন এবং বোর্ডকে এক সপ্তাহের মধ্যে সেই আবেদনের নিষ্পত্তি করতে হবে। এই নির্দেশের ফলে কয়েক হাজার চাকরিপ্রার্থীর মনে নতুন করে আশার আলো জেগেছে।