বুমরা ফিরলেও কাঁটা অভিষেক! নামিবিয়া ম্যাচের আগে ফের অস্থির ভারতীয় শিবির

টি-২০ বিশ্বকাপে ভারতীয় শিবিরে স্বস্তি আর অস্বস্তি যেন পাল্লা দিয়ে চলছে। একদিকে জসপ্রীত বুমরার প্রত্যাবর্তনে বোলিং শক্তি বাড়লেও, অন্যদিকে ওপেনার অভিষেক শর্মার অসুস্থতা টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে দল অনুশীলন করলেও নেটে দেখা যায়নি অভিষেককে।
সহকারী কোচ রায়ান টেন দুশখাটে জানিয়েছেন, পেটের সমস্যার কারণে অভিষেক এখনও ১০০ শতাংশ ফিট নন। যদি শেষ মুহূর্তে তিনি সুস্থ না হন, তবে ঈশান কিষান ও সঞ্জু স্যামসনকে দিয়ে ওপেন করানোর বিকল্প ভাবনা রাখা হয়েছে। তবে বুমরার ফেরাটা ভারতের জন্য বড় প্লাস পয়েন্ট। আমেরিকা ম্যাচে সিরাজ ও অর্শদীপ ভালো করলেও, অভিজ্ঞতার নিরিখে বুমরার সঙ্গী হিসেবে সিরাজকেই হয়তো বেছে নেবেন কোচ গৌতম গম্ভীর। এছাড়া দলে ফিরতে পারেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও।
নামিবিয়াকে হালকাভাবে নিলেও গম্ভীরের মূল লক্ষ্য কিন্তু পাকিস্তান ম্যাচ। বিশেষ করে পাকিস্তানের ‘বয়কট’ নাটকের পর এই হাই-ভোল্টেজ লড়াই নিয়ে উত্তেজনা তুঙ্গে। আমেরিকার বিরুদ্ধে টপ অর্ডারের ব্যর্থতা গম্ভীরকে ভাবিয়ে তুলেছে। অধিনায়ক সূর্যের ব্যাটে ভর করে আগের ম্যাচ জিতলেও, নামিবিয়া ম্যাচে একটি দাপুটে জয় তুলে নিয়ে গ্রুপ টেবিলের নিরাপদ জায়গায় পৌঁছাতে মরিয়া টিম ইন্ডিয়া।