ওড়িশায় ২.৩৮ কোটির সরকারি তহবিল তছরুপ! জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ৫ ডেরায় ভিজিল্যান্স হানা

ওড়িশার অনুগুল জেলা সদর হাসপাতালের (DHH) এক কর্মীর বিরুদ্ধে ২.৩৮ কোটি টাকার সরকারি তহবিল তছরুপের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বুধবার সকালেই ওড়িশা ভিজিল্যান্স বিভাগ অভিযুক্ত জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সুব্রত কুমার বেহেরার সঙ্গে যুক্ত পাঁচটি ভিন্ন স্থানে একযোগে তল্লাশি চালায়। অনুগুলের মুখ্য জেলা চিকিৎসা আধিকারিকের (CDMO) কার্যালয়ে কর্মরত এই কর্মীর বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে কটক ভিজিল্যান্স থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ৫ জন ডিএসপি, ৮ জন পরিদর্শক এবং ১৪ জন এএসআই-এর একটি বিশাল দল অনুগুল, ঢেনকানাল এবং ভুবনেশ্বরের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে। অভিযোগ উঠেছে যে, পদের অপব্যবহার করে বিপুল পরিমাণ সরকারি অর্থ সুব্রত বেহেরা নিজের ব্যক্তিগত স্বার্থে সরিয়ে নিয়েছেন। তল্লাশি চলাকালীন উদ্ধার হওয়া সম্পত্তির খতিয়ান দেখে আধিকারিকরা হতবাক। ইতিমধ্যেই দুর্নীতি দমন আইনের আওতায় মামলা রুজু করে সুব্রতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।