লঙ্কাকাণ্ড! ভারত-পাক ম্যাচের জ্বরে কাঁপছে কলম্বো, বিমানের টিকিট দেড় লক্ষ ছুঁল, হোটেলের দামেও আগুন

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বসতে চলেছে ভারত বনাম পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর। দীর্ঘ টালবাহানা ও বয়কটের হুমকির পর পাকিস্তান খেলতে রাজি হলেও, শেষ মুহূর্তের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কয়েক হাজার ভারতীয় সমর্থক। ম্যাচের দিন যত এগিয়ে আসছে, কলম্বোগামী বিমানের টিকিট এবং হোটেলের ভাড়া ততই মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।
টিকিটের দাম পাঁচ গুণ বৃদ্ধি সাধারণত দিল্লি বা মুম্বাই থেকে কলম্বোর রাউন্ড ট্রিপের বিমানের ভাড়া যেখানে ২০-৩০ হাজার টাকার মধ্যে থাকে, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১.৪৫ লক্ষ টাকায়। এয়ার ইন্ডিয়া ও শ্রীলঙ্কান এয়ারলাইন্সের মতো সংস্থাগুলি তাদের ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। হঠাৎ করে ম্যাচ নিশ্চিত হওয়ায় টিকিট বুকিংয়ের হিড়িক পড়েছে, যার সুযোগ নিচ্ছে বিমান সংস্থাগুলো।
হোটেলেও এলাহি কাণ্ড ম্যাচ দেখতে যাওয়া ভক্তদের থাকার খরচও আকাশছোঁয়া। কলম্বোর সাধারণ মানের হোটেল থেকে শুরু করে ফাইভ স্টার— সব জায়গাতেই ভাড়ার সূচক ঊর্ধ্বমুখী। যে হোটেল রুমের ভাড়া সাধারণত ১০-১৫ হাজার টাকা থাকে, তা এখন ১.১৩ লক্ষ টাকা ছাড়িয়েছে। অনেক ভক্তই এখন থাকার জায়গা না পেয়ে দিশেহারা।
বয়কটের বিতর্ক ও রাজনৈতিক মোড় উল্লেখ্য যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) প্রথমে ভারতের বিরুদ্ধে খেলতে অস্বীকার করলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) হস্তক্ষেপে তারা পিছু হটেছে। এই নাটকীয় পরিবর্তনের ফলে ভক্তরা যারা ভেবেছিলেন ম্যাচ হবে না, তারা এখন তাড়াহুড়ো করে ট্রাভেল প্ল্যান করায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে শ্রীলঙ্কার ধুঁকতে থাকা পর্যটন শিল্পের কাছে এটি একটি বিশাল আয়ের সুযোগ হয়ে দাঁড়িয়েছে।