তিন বছরে দ্বিতীয় ধাক্কা! সিইও-র পর এবার সিসিও-র বিদায়, সংকটে ঝুনঝুনওয়ালা-র এয়ারলাইন্স?

ভারতের এভিয়েশন আকাশে মাত্র তিন বছর আগে ডানা মেলা আকাসা এয়ার (Akasa Air) বড়সড় নেতৃত্ব সংকটের মুখে। এয়ারলাইন্সের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ কমার্শিয়াল অফিসার (CCO) প্রবীণ আয়ার তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। ২০২২ সালের আগস্টে আকাসা এয়ারের যাত্রার শুরু থেকেই তিনি প্রতিষ্ঠাতা দলের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন এবং সংস্থার এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।
প্রবীণ আয়ারের আকস্মিক প্রস্থানের পর তড়িঘড়ি নতুন দায়িত্ব বণ্টন করেছে সংস্থাটি। চিফ ইনফরমেশন অফিসার (CIO) আনন্দ শ্রীনিবাসনকে নতুন কমার্শিয়াল হেড হিসেবে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, গত বছরও আরেক সহ-প্রতিষ্ঠাতা নীলু খত্রী আন্তর্জাতিক অপারেশনের দায়িত্ব ছেড়ে বিদায় নিয়েছিলেন। একের পর এক শীর্ষকর্তার প্রস্থান সংস্থার অন্দরের ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলছে।
প্রয়াত বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার পরিবার সমর্থিত এই এয়ারলাইন্সটি বর্তমানে বোয়িং-এর কাছ থেকে বিমান সরবরাহে বিলম্বের কারণে কিছুটা মন্থর গতির মধ্য দিয়ে যাচ্ছে। যদিও ২০২৫ সালের আগস্টে আজিম প্রেমজি ও রঞ্জন পাইয়ের মতো বড় বিনিয়োগকারীদের থেকে নতুন পুঁজি সংগ্রহ করেছে আকাসা। বর্তমানে ঘরোয়া বাজারের ৫ শতাংশ শেয়ার নিয়ে এ বছর আরও ১২টি বিমান যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের। এই সম্প্রসারণের মাঝপথে শীর্ষ নেতৃত্বের রদবদল কোম্পানির ভবিষ্যৎ কৌশলে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।