১০ কোটির গাড়ি বাঁচাতে ‘ড্রাইভার বদল’-এর ছক? তামাক ব্যবসায়ীর ছেলের বিরুদ্ধে বিস্ফোরক পুলিশ

কানপুরের ভিআইপি রোডে ঘটে যাওয়া ১০ কোটি টাকার ল্যাম্বরগিনি রেভুয়েল্টো (Lamborghini Revuelto) দুর্ঘটনার আইনি লড়াই আজ থেকে আদালতে শুরু হলো। গত ৮ ফেব্রুয়ারির সেই ভয়াবহ দুর্ঘটনার পর আজ শুনানিতে মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে— ‘সেদিন স্টিয়ারিংয়ে আসলে কে ছিলেন?’

বিখ্যাত তামাক ব্যবসায়ী কে.কে. মিশ্রর ছেলে শিবম মিশ্রকে এই মামলায় প্রধান অভিযুক্ত করেছে পুলিশ। তবে আজ আদালতে শিবমের আইনজীবী ধর্মেন্দ্র সিং ধর্মু এক নাটকীয় দাবি পেশ করেন। তিনি মোহন নামে এক ব্যক্তিকে আদালতে হাজির করে দাবি করেন যে, দুর্ঘটনাকালে সেই গাড়ি চালাচ্ছিল। পক্ষ থেকে বলা হয়, শিবম অসুস্থ বোধ করায় মোহনই গাড়ি চালাচ্ছিলেন এবং মোহন নিজেই আত্মসমর্পণের হলফনামা জমা দিয়েছেন। এমনকি শিবমকে গাড়ি থেকে বাউন্সারদের টেনে বের করার বিষয়টিকে ‘উদ্ধারকাজ’ বলে দাবি করেছে বিবাদী পক্ষ।

তবে কানপুর পুলিশ এই ‘ড্রাইভার বদল’-এর তত্ত্ব সরাসরি খারিজ করে দিয়েছে। পুলিশ কমিশনার রঘুবীর লাল আদালতে রিপোর্ট জমা দিয়ে জানিয়েছেন যে, সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী স্পষ্ট যে শিবম মিশ্র নিজেই মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ২৮১, ১২৫ এবং ৩২৪(৪) ধারায় মামলা রুজু করেছে। ১০ কোটির গাড়িটি ফেরত পাওয়ার জন্য বিবাদী পক্ষ আবেদন জানালেও, সিসিটিভি ফুটেজ ও যান্ত্রিক তথ্য এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।