জেলবন্দি রাজপাল যাদবের কোটি কোটি ঋণ মেটাচ্ছেন সলমন-অজয়রা! কালই কি মুক্তি?

২০১০ সালে মুক্তি পাওয়া ‘আতা পাতা লাপাতা’ ছবির ভরাডুবি যে অভিনেতা রাজপাল যাদবের জীবনে এতটা অন্ধকার ডেকে আনবে, তা হয়তো কল্পনাও করতে পারেনি মায়ানগরী। ঋণের দায়ে জর্জরিত হয়ে শেষমেশ গত ৫ ফেব্রুয়ারি থেকে শ্রীঘরে ঠাঁই হয়েছে জনপ্রিয় এই কৌতুক অভিনেতার। সুদে-আসলে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি টাকা। তবে রাজপাল একা নন, তাঁকে জেলের অন্ধকার কুঠুরি থেকে বের করে আনতে এবার কার্যত একজোট হয়েছে গোটা বলিউড।
রাজপালের ম্যানেজার গোল্ডি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সোনু সুদ, সলমন খান এবং অজয় দেবগনের মতো মেগাস্টাররা সরাসরি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এমনকি পরিচালক ডেভিড ধাওয়ান ও বরুণ ধাওয়ানও খোঁজ নিয়েছেন তাঁর। শুধু মৌখিক আশ্বাস নয়, শুরু হয়েছে আর্থিক জোগাড়ও। সঙ্গীত পরিচালক রাও ইন্দরজিৎ যাদব ১ কোটি ১১ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তেজ প্রতাপ যাদব ১১ লক্ষ এবং কেআরকে ১০ লক্ষ টাকা দেবেন বলে জানিয়েছেন।
ইন্ডাস্ট্রি যেভাবে রাজপালের পাশে দাঁড়িয়েছে, তাকে ‘বিস্ময়কর’ বলে অভিহিত করেছেন গোল্ডি। কোটি টাকার লেনদেনে কিছুটা সময় লাগলেও জামিনের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। সব ঠিক থাকলে আগামীকাল, ১২ ফেব্রুয়ারি রাজপাল যাদব জামিন পেতে পারেন। বলিউডের এই একজোট হয়ে লড়াই প্রমাণ করে দিল যে, বিপদের দিনে ‘ভাইজান’ থেকে ‘সিংহাম’—কেউই সহকর্মীর থেকে মুখ ফিরিয়ে নেন না। এখন অপেক্ষা আদালতের আগামীকালের রায়ের।