সুরক্ষিত নয় ব্যক্তিগত তথ্য! সিঙ্গাপুরের চার টেলিকম জায়ান্টে চিনা স্পাইওয়্যারের থাবা

সিঙ্গাপুরের টেলিকম পরিকাঠামোয় এক ভয়াবহ সাইবার হামলার খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। জানা গেছে, চিনা মদতপুষ্ট কুখ্যাত সাইবার-গুপ্তচর গোষ্ঠী ‘UNC3886’ সরাসরি টার্গেট করেছে সিঙ্গাপুরের শীর্ষ চারটি টেলিকম কোম্পানিকে। এই হামলার মূল লক্ষ্য ছিল সিঙ্গটেল (Singtel), স্টারহাব (StarHub), এম-ওয়ান (M1) এবং সিম্বা টেলিকম (Simba Telecom)।
গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এটি কোনো সাধারণ হ্যাকিং ছিল না; বরং কয়েক মাস ধরে চলা এক সুপরিকল্পিত ক্যাম্পেইন। অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই চিনা হ্যাকার গোষ্ঠী সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ টেলিকম পরিকাঠামোয় অনুপ্রবেশ করে। বিশেষজ্ঞ মহলের মতে, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা এবং কৌশলগত তথ্য হাতানোই ছিল এই হামলার মূল উদ্দেশ্য।
তবে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, এই অনুপ্রবেশের ফলে সাধারণ গ্রাহকদের পরিষেবা ব্যাহত হয়নি। সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, প্রাথমিক তদন্তে কোনো গ্রাহকের ব্যক্তিগত তথ্য বা সংবেদনশীল ডেটা চুরি যাওয়ার প্রমাণ মেলেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।