মরণফাঁদ হরিদ্বার! সামনেই বিশালকার হাতি, ভয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা স্কুটি আরোহীর

উত্তরাখণ্ডের হরিদ্বারে বুনো হাতির আতঙ্ক এখন চরম পর্যায়ে। মঙ্গলবার রাতে হরিদ্বারের গার্ডেন কলোনিতে লোকালয়ে হাতি ঢুকে পড়ায় তৈরি হয় হুলস্থুল কাণ্ড। সেই সময় স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি হাতির মুখোমুখি পড়ে যান এক যুবক। আতঙ্কে হিতাহিত জ্ঞান হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারেন রাস্তার ধারের একটি বিদ্যুতের খুঁটিতে। শিউরে ওঠা এই ঘটনার সিসিটিভি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

অল্পের জন্য রক্ষা ভিডিওতে দেখা গেছে, বিশালকায় হাতিটিকে দেখে ঘাবড়ে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন ওই যুবক। বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা লেগে তিনি মাটিতে পড়ে যান। তবে সৌভাগ্যক্রমে হাতিটি মেজাজ হারায়নি। যুবকটি মাটিতে পড়ে থাকলেও হাতিটি তাঁকে আক্রমণ না করে শান্তভাবে পাশ দিয়ে চলে যায়। সামান্য চোট পেলেও বড় কোনো বিপত্তি ঘটেনি ওই যুবকের।

আবাসিক এলাকায় ত্রাস স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হরিদ্বারের জগজিৎপুর ও রাজা গার্ডেনের মতো এলাকায় হাতির আনাগোনা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। রাতে বাইরে বেরনো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বন দপ্তরের কুইক রেসপন্স টিম বুধবার সকালে হাতিটিকে ফের জঙ্গলে তাড়ালেও আতঙ্ক কাটেনি। রেঞ্জ অফিসার শীষপাল জানিয়েছেন, ভাইরাল ভিডিওটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাড়ছে বিপদ উল্লেখ্য, গত দুদিন আগেও এক যুবক দুঃসাহস দেখিয়ে হাতির পিছনে স্কুটি ধাওয়া করেছিলেন। বারবার এমন ঘটনায় বড়সড় প্রাণহানির আশঙ্কা করছে প্রশাসন। জনবসতি ও বনের সীমানা নিয়ে স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।