ইউপি বাজেটে ‘যোগী-ম্যাজিক’! মেধাবী ছাত্রীদের জন্য ফ্রি স্কুটার, যুবকদের হাতে ৪০ লক্ষ ট্যাব

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যের অর্থমন্ত্রী সুরেশ খান্না বিধানসভায় যোগী সরকারের দশম বাজেট পেশ করলেন। প্রায় ৯ লক্ষ ১২ হাজার কোটি টাকার এই বাজেটে মেধাবী ছাত্রীদের জন্য এক বড় চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উচ্চশিক্ষায় ছাত্রীদের উৎসাহিত করতে চালু করা হচ্ছে ‘রানী লক্ষ্মী স্কুটি যোজনা’, যার অধীনে যোগ্য ছাত্রীদের বিনামূল্যে স্কুটার দেওয়া হবে। এই প্রকল্পের জন্য সরকার এক লপ্তে ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
যুবসমাজের ডিজিটাল ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ‘স্বামী বিবেকানন্দ যুব সশক্তিকরণ যোজনা’র অধীনে ৪০ লক্ষ নতুন ট্যাবলেট এবং স্মার্টফোন বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য বাজেটে ২৩৭৪ কোটি টাকার ব্যবস্থা রাখা হয়েছে। সরকারের দাবি, ইতিমধ্যে প্রায় ৫০ লক্ষ যুবক এই সুবিধার আওতায় এসেছেন। মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিটি জেলায় ‘মহিলা জব প্লেসমেন্ট সেন্টার’ খোলার কথা ঘোষণা করা হয়েছে।
বাজেট বক্তৃতায় জানানো হয়েছে, রাজ্যের ৫৮ হাজার গ্রাম পঞ্চায়েতে কর্মরত প্রায় ৪০ হাজার মহিলা ব্যাঙ্কিং এজেন্ট প্রায় ৩৯ হাজার কোটি টাকার লেনদেন সম্পন্ন করে নজির গড়েছেন। মহিলাদের স্বনির্ভর করতে গোরক্ষপুর, বারেলি এবং রায়বারেলিতে দুগ্ধ উৎপাদক সংস্থা গঠিত হয়েছে, যা আগামী দিনে প্রয়াগরাজ ও লখনউতেও শুরু হবে। নিরাপত্তার জন্য জোরদার করা হচ্ছে অ্যান্টি-রোমিও স্কোয়াড এবং সিসিটিভি নজরদারি।