এয়ারপোর্টে মাত্র ১০ টাকায় চা! অবিশ্বাস্য হলেও সত্যি, নেটিজেনরা বলছেন ‘সবই রাঘব চাড্ডার ম্যাজিক’

এয়ারপোর্টে ঢোকা মানেই পকেটে টান! এক কাপ চায়ের দামও যেখানে ২০০-৩০০ টাকা ছুঁত, সেখানে এখন আমূল পরিবর্তন। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ‘উড়ান যাত্রী ক্যাফে’ (Udaan Yatri Cafe), যেখানে নামমাত্র দামে মিলছে চা ও জলখাবার। আইআইটি বোম্বের প্রাক্তন ছাত্র পীযূষ ত্রিপাঠী এবং তাঁর স্ত্রীর একটি ভিডিও এখন নেটপাড়ায় তুঙ্গে, যেখানে বিমানবন্দরে এই সস্তা খাবারের কৃতিত্ব দেওয়া হয়েছে আপ (AAP) সাংসদ রাঘব চাড্ডাকে।

চায়ের দাম মাত্র ১০ টাকা! ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে ওই দম্পতি ২০ টাকায় সমোসা এবং মাত্র ১০ টাকায় চা কিনছেন। আগে যেখানে সাধারণ যাত্রীরা খাবারের দাম দেখে পিছিয়ে আসতেন, সেখানে এই পরিবর্তনকে বৈপ্লবিক বলছেন নেটিজেনরা। এই সুলভ মূল্যের খাবারের স্টল চালুর দাবি নিয়ে সংসদে সোচ্চার হয়েছিলেন রাঘব চাড্ডা, যার ফলশ্রুতিতে সরকার এই ‘উড়ান যাত্রী ক্যাফে’ শুরু করেছে।

পরিণীতি ও রাঘবের মজার প্রতিক্রিয়া ভিডিওটিতে পীযূষের স্ত্রী যখন রাঘব চাড্ডাকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং তাঁকে ‘হ্যান্ডসাম’ বলে সম্বোধন করেন, তখন খোদ রাঘব ও তাঁর স্ত্রী অভিনেত্রী পরিণীতি চোপড়া তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন। রাঘব মজার ছলে লিখেছেন, ‘আশা করি আপনাদের সমোসা ভালো লেগেছে।’ অন্যদিকে, স্বামীকে হ্যান্ডসাম বলায় পরিণীতি সগর্বে লিখেছেন, ‘আমি সম্পূর্ণ একমত!’

প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ নেটিজেনরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁদের মতে, মধ্যবিত্ত যাত্রীদের কথা ভেবে রাঘব চাড্ডা সংসদে যে দাবি তুলেছিলেন, তা আজ বাস্তব। এয়ারপোর্টে এখন আর খাবারের জন্য চড়া দাম দিতে হচ্ছে না দেখে খুশি সাধারণ যাত্রীরা।