ভবানীপুরে হারের ভয়? বিএলএ-দের নিয়ে জরুরি বৈঠকে মমতা, দিলেন ‘ডু অর ডাই’ টাস্ক!

নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে জমি শক্ত করতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভবানীপুরের বিএলএ-দের (BLA) নিয়ে তৃতীয়বার বৈঠকে বসেন তিনি। সূত্রের খবর, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় শুনানির প্রক্রিয়ায় কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বৈধ ভোটারদের নাম যাতে কোনওভাবে বাদ না যায় এবং শুনানিতে ডাক পাওয়া ব্যক্তিদের পাশে যাতে দলের কর্মীরা থাকেন, সেই বার্তাই দিয়েছেন তিনি। এমনকি, কারা ফর্ম তুলেও জমা দেননি, তাঁদের নামের তালিকাও চেয়ে পাঠিয়েছেন মমতা।
ভবানীপুর কেন্দ্রে গুজরাটি, মারোয়াড়ি ও পাঞ্জাবিদের মতো বিপুল সংখ্যক অবাঙালি ভোটারের বাস। গত লোকসভা নির্বাচনে এই এলাকার কিছু অংশে বিজেপি লিড পাওয়ায় তৃণমূলের অন্দরে অস্বস্তি বেড়েছে। সেই অস্বস্তি কাটাতেই ডিসেম্বর ও জানুয়ারির পর ফের ফেব্রুয়ারিতে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম ও সুব্রত বক্সীর মতো হেভিওয়েট নেতারা।
পাল্টা আক্রমণ শানাতে ছাড়েননি বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন, “নন্দীগ্রামে হারার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে আছেন। ৪৪ হাজার ভুয়ো নাম ইতিমধ্যেই বাদ গিয়েছে, এসআইআর (SIR) শেষ হলে আরও নাম বাদ যাবে। চুরি আর ছাপ্পাভোট বন্ধ হয়ে গেলে উনি ভবানীপুরেও হারবেন।” ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে এখন ভবানীপুরের রাজনৈতিক পারদ তুঙ্গে।