খেলার চেয়েও বড় ভুল! লাইভ ইন্টারভিউতে ব্যক্তিগত জীবনের গোপন সত্য ফাঁস করলেন অলিম্পিক জয়ী

জয়ের উল্লাস নয়, বরং এক বুক অনুশোচনা নিয়ে অলিম্পিকের মঞ্চে দাঁড়িয়ে বিশ্ববাসীকে চমকে দিলেন নরওয়ের তারকা বিয়াথলেট স্টুরলা হোম লেগ্রেইড। মঙ্গলবার মিলান কর্টিনা শীতকালীন অলিম্পিকে পুরুষদের ২০ কিলোমিটার ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জেতার পর লাইভ টিভিতে নিজের ব্যক্তিগত জীবনের এক অন্ধকার সত্য কবুল করেন তিনি। নরওয়েজিয়ান ব্রডকাস্টার NRK-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন যে, তিনি তাঁর প্রেমিকার সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছেন।
চোখের জল মুছতে মুছতে লেগ্রেইড বলেন, “ছয় মাস আগে আমি আমার জীবনের ভালোবাসাকে খুঁজে পেয়েছিলাম। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ সে। কিন্তু তিন মাস আগে আমি জীবনের সবচেয়ে বড় ভুলটি করি—আমি তাঁর সঙ্গে প্রতারণা করেছি।” তিনি জানান, এক সপ্তাহ আগেই তিনি তাঁর সঙ্গিনীকে সব সত্যি জানিয়েছেন। পদক জয়ের আনন্দের চেয়েও এখন তাঁর কাছে বড় হয়ে উঠেছে কৃতকর্মের জন্য ক্ষমা পাওয়া।
এই ঘটনায় খেলার খবর ছাপিয়ে এখন লেগ্রেইডের ব্যক্তিগত জীবনই চর্চার কেন্দ্রবিন্দু। নরওয়ের এই তারকা বলেন, “অনেকেই হয়তো আমাকে এখন অন্য চোখে দেখবেন, কিন্তু আমার চোখে শুধুই ও (প্রেমিকা) রয়েছে।” সংবাদ সম্মেলনে তিনি আরও জানান যে, এই কথাটি প্রকাশ্যে বলার কারণ হলো যদি তাঁর প্রেমিকা বুঝতে পারেন তিনি কতটা অনুতপ্ত। যদিও সহ-খেলোয়াড় জোহান-ওলাভ বোটনের স্বর্ণপদক জয়ের দিনটিতে নিজের এই ব্যক্তিগত আবেগ প্রকাশ করা ‘স্বার্থপরতা’ হয়েছে কি না, তা নিয়ে তিনি দ্বিধায় রয়েছেন।