“অমিতজি, রেখাকেও গ্রহণ করুন!” জয়া বচ্চনকে ‘পরিচারিকা’ বলে চরম ট্রোল রাখির

বিতর্ক আর রাখি সাওয়ান্ত—একে অপরের পরিপূরক। এবার বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং তাঁর দাম্পত্য জীবন নিয়ে আলটপকা মন্তব্য করে বিতর্কের আগুনে ঘি ঢাললেন রাখি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেগাস্টার অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং রেখার কথিত ত্রিকোণ প্রেম নিয়ে বিস্ফোরক সব কথা বলেছেন তিনি। রাখির দাবি, অমিতাভের উচিত জয়া বচ্চনের পাশাপাশি রেখাকেও নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করা।

ভাইরাল ভিডিওতে রাখিকে অমিতাভের বিখ্যাত কবিতা ‘কভি কভি মেরে দিল মে…’ নকল করতে দেখা যায়। এরপরই তিনি প্রশ্ন তোলেন, “অমিতজি রেখাজিকে কেন বেছে নিলেন না? রেখাকে ওঁর পাশে রানির মতো লাগে, আর জয়াজিকে লাগে পরিচারিকার মতো!” এখানেই শেষ নয়, জয়া বচ্চনের ফ্যাশন সেন্স নিয়েও কদর্য আক্রমণ শানিয়েছেন তিনি। রাখি বলেন, “এত কোটিপতি হয়েও জয়াজি ঠিকঠাক সালওয়ার-কামিজ পরেন না। জয়াজি, আমাকে আপনার জন্মদিনে ডাকুন, আমি আপনাকে ভালো স্যুট উপহার দেব। চুলে রং করুন, বোটক্স করান!”

রাখির এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশ বলছেন, প্রচারের আলোয় থাকতে রাখি এবার সমস্ত সীমা ছাড়িয়ে গেছেন। বচ্চন পরিবারের মতো সম্মানীয় ব্যক্তিত্বদের নিয়ে এমন কুরুচিকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে দাবি অনেকের।