ষড়যন্ত্র না কি দুর্ঘটনা? অজিত পাওয়ারের মৃত্যুতে বিস্ফোরক প্রশ্ন ভাইপো রোহিত পাওয়ারের!

মহারাষ্ট্রের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের অকাল মৃত্যুতে শোকের আবহ কাটতে না কাটতেই ঘনীভূত হচ্ছে রহস্য। গত ২৮ জানুয়ারি বারামতীতে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরাসরি ‘ষড়যন্ত্রের’ অভিযোগ তুললেন তাঁর ভাইপো তথা বিধায়ক রোহিত পাওয়ার। মঙ্গলবার একটি বিস্তারিত মিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে রোহিত বেশ কিছু অস্বস্তিকর প্রশ্ন তুলেছেন, যা এই দুর্ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
রোহিত পাওয়ারের প্রধান প্রশ্নটি হলো শেষ মুহূর্তের ভ্রমণ পরিকল্পনা বদল নিয়ে। তাঁর দাবি, অজিত পাওয়ারের সড়কপথে যাওয়ার কথা থাকলেও কার নির্দেশে হঠাৎ ‘ভিএসআর এভিয়েশন’-এর লিয়ারজেট ভাড়া করা হলো? এছাড়াও, ওড়ার ঠিক আগে দু’জন পাইলটকেই কেন বদলে দেওয়া হলো, তা নিয়ে তিনি গভীর সন্দেহ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তোলেন, “কেন সাহিল মদন এবং ইয়াশকে সরিয়ে সুমিত কাপুরকে আনা হলো? হংকং থেকে ফিরেই সুমিতের ফ্লাইটে ওঠা কি নিয়মসম্মত ছিল? তাঁর কি কোনো অ্যালকোহল টেস্ট হয়েছিল?”
কারিগরি দিক নিয়েও সরব হয়েছেন রোহিত। তিনি দাবি করেন, দুর্ঘটনার আগে কোনো বিপৎসংকেত (Distress Call) পাঠানো হয়নি এবং বিমানের ট্রান্সপন্ডার কেন নিষ্ক্রিয় ছিল, তার জবাব দিতে হবে। বিমানের রক্ষণাবেক্ষণ রেকর্ড জনসমক্ষে আনার দাবি জানিয়ে তিনি বলেন, এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য আন্তর্জাতিক বিমান চলাচল কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন। কোনো প্রভাবশালী পক্ষকে বাঁচাতে তথ্য গোপন করা হচ্ছে কি না, সেই প্রশ্নই এখন মহারাষ্ট্রের রাজনীতিতে তুঙ্গে।