যোগীর ৯ লক্ষ কোটির মেগা বাজেট! ছাত্রীদের হাতে স্কুটি, যুবকদের ডিজিটাল উপহার—২০২৭-এর আগে বড় মাস্টারপ্ল্যান!

২০২৭-এর বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের জন্য এক ঐতিহাসিক ও উন্নয়নমুখী মাস্টারপ্ল্যান পেশ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৯,১২,৬৯৬ কোটি টাকার বিশাল বাজেট পেশ করেছে যোগী সরকার। এটি যোগী সরকারের ১০ম বাজেট। এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, নারী সুরক্ষা এবং যুব কর্মসংস্থানের ওপর অভূতপূর্ব জোর দেওয়া হয়েছে। বাজেটের সবচেয়ে বড় আকর্ষণ হল ‘রানী লক্ষ্মীবাঈ যোজনা’, যার আওতায় মেধাবী ছাত্রীদের স্কুটি প্রদানের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও, দুঃস্থ ও সংরক্ষিত শ্রেণির মেয়েদের গণবিবাহের জন্য মোট ১৫০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।
শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে যোগী সরকার কার্যত বিপ্লব আনার পরিকল্পনা করেছে। প্রাথমিক শিক্ষার জন্য ৭৭,৬২২ কোটি টাকা এবং উচ্চ মাধ্যমিকের জন্য বিশাল অংকের বরাদ্দের পাশাপাশি রাজ্যে ১৪টি নতুন মেডিকেল কলেজ চালুর ঘোষণা করা হয়েছে। ফলে রাজ্যে এমবিবিএস আসনের সংখ্যা ৪,৫৪০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২,৮০০-তে। লখনউ ক্যানসার ইনস্টিটিউট এবং দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য বিশেষ তহবিল গঠন করা হয়েছে। শিল্পায়নে গতি আনতে ‘সর্দার বল্লভভাই প্যাটেল কর্মসংস্থান ও শিল্প অঞ্চল’ এবং প্রতি বছর ১ লক্ষ ক্ষুদ্র উদ্যোগ তৈরির লক্ষ্যে ‘মুখ্যমন্ত্রী যুব উদ্যোক্তা অভিযান’ শুরু করার কথা বলা হয়েছে।
বিশেষ নজর দেওয়া হয়েছে অযোধ্যা ও লখনউয়ের পর্যটনে। লখনউয়ের কুকরাইলে গড়ে তোলা হবে অত্যাধুনিক ‘নাইট সাফারি’। অযোধ্যার সৌন্দর্য বাড়াতে বিশেষ ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষকদের জন্য বড় ঘোষণা হল, সেচের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখা। এছাড়াও শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ করতে ৪০ লক্ষ ট্যাবলেট বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ‘এক জেলা এক পণ্য’ (ODOP)-এর অভাবনীয় সাফল্যের পর এবার সরকার চালু করছে ‘এক জেলা এক খাবার’ প্রকল্প। সব মিলিয়ে ৯ লক্ষ কোটি টাকার এই বাজেট উত্তরপ্রদেশকে উন্নয়নের এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।