ফ্রান্সে শিউরে ওঠার মতো ঘটনা! ৫৫ বছর ধরে ৮৯ জন নাবালককে লালসার শিকার করলেন বৃদ্ধ

ফ্রান্সে প্রকাশ্যে এল গত কয়েক দশকের সবথেকে ভয়াবহ যৌন অপরাধের মামলা। ৭৯ বছর বয়সি জ্যাক লাভুগল (Jacques Laveugle)-এর বিরুদ্ধে গত ৫৫ বছরে অন্তত ৮৯ জন নাবালককে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। গ্রেনোবলের প্রসিকিউটর ইতিয়েন ম্যানটেউক্স অভিযুক্তের নাম ও ছবি প্রকাশ্যে এনেছেন, যাতে আরও কোনো ভুক্তভোগী থেকে থাকলে তাঁরা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
এই ঘটনার তদন্তে সবথেকে বড় মোড় আসে একটি ইউএসবি ড্রাইভ (USB drive) থেকে। অভিযুক্তের পরিবারের এক সদস্যের দেওয়া ওই ড্রাইভে লাভুগলের নিজের লেখা ১৫ খণ্ডের একটি ডিজিটাল স্মৃতিকথা উদ্ধার হয়েছে। সেখানে ১৯৬৭ থেকে ২০২২ সাল পর্যন্ত তাঁর করা সমস্ত অপরাধের বিস্তারিত খতিয়ান রয়েছে। তদন্তকারীরা দেখেছেন, অভিযুক্ত শিক্ষকতা, প্রাইভেট টিউটর এবং কেভ-গাইড (Cave Guide) হিসেবে কাজ করার সুবাদে ফ্রান্স ছাড়াও ভারত, সুইজারল্যান্ড, জার্মানি, মরক্কো এবং আলজেরিয়ার মতো দেশে কিশোরদের ওপর পাশবিক অত্যাচার চালিয়েছেন।
যৌন লালসার পাশাপাশি লাভুগলের অপরাধের তালিকায় রয়েছে খুনও। তিনি স্বীকার করেছেন যে, ক্যানসারে আক্রান্ত মাকে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন তিনি। এমনকি তাঁর ৯২ বছর বয়সি এক পিসিকেও খুনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ডিজিটাল প্রমাণের ওপর ভিত্তি করে ফ্রান্সে এখন এই মামলা নিয়ে তীব্র তোলপাড় শুরু হয়েছে, যা কয়েক বছর আগের আলোচিত গিসেল পেলিকোট মামলার ভয়াবহতাকেও মনে করিয়ে দিচ্ছে।