টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট নিয়ে আসিফ নজরুলের ‘ইউ-টার্ন’! দায় চাপালেন বিসিবি ও ক্রিকেটারদের ওপর?

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে এবার নাটকীয় ‘ইউ-টার্ন’ নিলেন বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ইতিপূর্বে এই সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত’ বলে দাবি করলেও, মঙ্গলবার তিনি সাংবাদিকদের জানান যে, বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তটি আসলে বিসিবি (BCB) এবং ক্রিকেটারদের নিজস্ব। তাঁর এই পরস্পরবিরোধী মন্তব্যে ক্রীড়াঙ্গনে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে।

গত ২২ জানুয়ারি আসিফ নজরুল অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছিলেন, “আমরা বিশ্বকাপ খেলব কি খেলব না, তা সম্পূর্ণরূপে সরকারের সিদ্ধান্ত।” এমনকি নিরাপত্তার অজুহাত দেখিয়ে বিসিবি কর্তা ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর তিনি দাবি করেছিলেন যে, আইসিসি-র থেকে বাংলাদেশ ন্যায়বিচার পায়নি। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে তাঁর সুর সম্পূর্ণ ভিন্ন। এখন তিনি বলছেন, “বিসিবি এবং খেলোয়াড়রা এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তারা দেশের ক্রিকেটের সুরক্ষা এবং জাতীয় মর্যাদা রক্ষার জন্য ত্যাগ স্বীকার করেছে।”

উল্লেখ্য, ভারত থেকে ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ আইসিসি প্রত্যাখ্যান করার পর বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বয়কট ঘিরে তৈরি হওয়া জটিলতার মাঝে আইসিসি জানিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এই বিষয়টিকে ‘বিরাট অর্জন’ হিসেবে অভিহিত করে বিসিবি-কে কুর্নিশ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। যদিও মিডিয়া রিপোর্ট বলছে, ম্যাচ বয়কটের বিষয়ে ক্রিকেটারদের মতামতের চেয়ে সরকারি চাপই ছিল মুখ্য।