‘আমেরিকা আমাদের টয়লেট পেপারের মতো ব্যবহার করে ছুড়ে ফেলেছে!’ পাক প্রতিরক্ষামন্ত্রীর বিস্ফোরক স্বীকারোক্তিতে তোলপাড় বিশ্ব

পাকিস্তানের জাতীয় পরিষদে দাঁড়িয়ে এক নজিরবিহীন ও হাড়হিম করা সত্যি স্বীকার করলেন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। দীর্ঘ কয়েক দশকের দ্বিপাক্ষিক সম্পর্কের তিক্ততা উগরে দিয়ে তিনি সরাসরি অভিযোগ করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কেবল নিজের স্বার্থে ‘শোষণ’ করেছে। আসিফের ভাষায়, “আমেরিকা আমাদের টয়লেট পেপারের মতো ব্যবহার করেছে এবং প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে।” বুধবার সংসদে দেওয়া এই বক্তব্যে তিনি স্বীকার করে নিয়েছেন যে, মার্কিন মদতপুষ্ট আফগান যুদ্ধে পাকিস্তানের অংশগ্রহণ ছিল এক ঐতিহাসিক ও আত্মঘাতী ভুল।
খাজা আসিফ বলেন, ১৯৯৯ সালের পর এবং বিশেষ করে ২০০১-এর ১১ সেপ্টেম্বরের হামলার পর আমেরিকার সঙ্গে হাত মেলানো ইসলামাবাদের জন্য চরম ক্ষতিকর প্রমাণিত হয়েছে। তিনি আরও জানান, পাকিস্তানের আজকের সন্ত্রাসবাদ কোনও আকাশ থেকে পড়া বিপদ নয়, বরং অতীতের ভুল নীতির ফসল। আসিফ সরাসরি নিশানা করেন প্রাক্তন সামরিক শাসক জিয়া-উল-হক এবং পারভেজ মোশাররফকে। তাঁর দাবি, এই শাসকরা ইসলামের স্বার্থে নয়, বরং একটি বিদেশি পরাশক্তিকে খুশি করতে এবং নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে জিহাদের নামে সাধারণ মানুষকে যুদ্ধে পাঠিয়েছিলেন।
প্রতিরক্ষামন্ত্রীর এই ভাষণে উঠে এসেছে শিক্ষার রাজনীতিকরণের প্রসঙ্গও। তিনি দাবি করেন, এই যুদ্ধের যৌক্তিকতা প্রমাণ করতে সেদেশের পাঠ্যবই পর্যন্ত বদলে দেওয়া হয়েছিল, যার বিষাক্ত ফল আজও পাকিস্তান ভোগ করছে। আমেরিকা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর পাকিস্তান এখন চরম অর্থনৈতিক সংকট, উগ্রপন্থা এবং ক্রমাগত হামলার মুখোমুখি। আসিফ আক্ষেপ করে বলেন, পাকিস্তান সচরাচর নিজের ভুল স্বীকার করে না, কিন্তু আজ সত্য বলার সময় এসেছে। এই ভ্রান্ত নীতিগুলোর কারণে পাকিস্তানের যে ক্ষতি হয়েছে, তা কখনও পূরণ করা সম্ভব নয়।