বিদেশে তৈরি পিস্তল হাতে দাপাদাপি, এনকাউন্টারে ধরা পড়ল ২০ মামলার আসামী রাজীব কুমার!

বিহারের রাজধানী পাটনায় অপরাধ দমনে বড়সড় সাফল্য পেল পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্স (STF)। বুধবার ভোরে পাটনার গাইঘাট এলাকায় মহাত্মা গান্ধী সেতুর নীচে এক রুদ্ধশ্বাস এনকাউন্টারে আহত অবস্থায় ধরা পড়ল কুখ্যাত অপরাধী রাজীব কুমার ওরফে ‘সূর্য ডন’। ধৃতের কাছ থেকে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল এবং বেশ কিছু তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিনের ফেরার এই ডনকে ধরতে পেরে বিহার পুলিশের মনোবল অনেকটাই বেড়ে গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাত থেকেই আলমগঞ্জ থানা এবং এসটিএফ-এর কাছে নির্দিষ্ট তথ্য ছিল যে, সূর্য ডন স্থানীয় নৌকার মাঝি ও ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ তোলা আদায় করতে গাইঘাট এলাকায় আসবে। সেই তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার গভীর রাতে জাল বিছায় যৌথ বাহিনী। বুধবার ভোরে পুলিশ বাহিনী যখন সন্দেহভাজন এলাকাটি ঘিরে ফেলে, তখন নিজেকে বাঁচাতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে রাজীব। পাল্টা জবাব দেয় পুলিশও। গুলির লড়াই চলাকালীন রাজীবের পায়ে একটি গুলি লাগে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। পুলিশ দ্রুত তাকে নিয়ন্ত্রণে নিয়ে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করে।
পূর্ব পাটনার সিটি এসপি পরিচয় কুমার জানিয়েছেন, রাজীব কুমার ওরফে সূর্য ডন বিহারের অপরাধ জগতের এক পরিচিত নাম। তার বিরুদ্ধে খুন, ডাকাতি এবং অস্ত্র আইনের অন্তত ১৫ থেকে ২০টি গুরুতর মামলা রয়েছে। ফরেনসিক সায়েন্স ল্যাব (FSL) এর একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে। উদ্ধার হওয়া বিদেশি পিস্তলটি কোথা থেকে তার হাতে এল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। সূর্য ডনের ধরা পড়া পাটনার ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তির খবর বলে মনে করছে প্রশাসন।