কানাডার স্কুলে বন্দুকবাজের তাণ্ডব! হামলাকারীসহ ১০ জনের মৃত্যু, রক্তে ভাসল শিক্ষা প্রতিষ্ঠান

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ নামক একটি ছোট্ট জনপদে মঙ্গলবার এক রক্তক্ষয়ী বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে। একটি হাই স্কুল এবং পার্শ্ববর্তী একটি বাড়িতে চালানো এই গুলিবর্ষণে হামলাকারীসহ মোট ১০ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।
রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিট নাগাদ ‘টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল’-এ গুলির শব্দ শোনা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুলের ভেতর থেকে ৬টি মৃতদেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এর পাশাপাশি স্কুলের কাছের একটি বাড়ি থেকেও আরও দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকবাজের দেহও উদ্ধার করা হয়েছে; প্রাথমিক অনুমান সে নিজের গুলিতেই আত্মহত্যা করেছে। ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি এই ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।