রাজপালের অন্ন খেয়ে আজ কেন নীরব নওয়াজউদ্দিন? জেলের অন্ধকারের মাঝে ‘লঙ্গর-বন্ধুত্ব’ নিয়ে উত্তাল নেটপাড়া

বলিউডের পর্দায় যাঁর হাসি দর্শকদের মন ভালো করে দেয়, সেই রাজপাল যাদব এখন তিহাড় জেলের চার দেওয়ালের মাঝে দিন কাটাচ্ছেন। চেক বাউন্স মামলায় তাঁর আত্মসমর্পণের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন ভক্তরা। তবে এই ক্ষোভ রাজপালের বিরুদ্ধে নয়, বরং বলিউডের সেই সব সফল অভিনেতাদের বিরুদ্ধে, যাঁরা সংগ্রামের দিনগুলিতে রাজপালের বাড়িতে খেয়ে-পড়ে মানুষ হয়েছিলেন। বিশেষ করে নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং ‘মির্জাপুর’ খ্যাত দিব্যেন্দু শর্মার নীরবতা এখন প্রশ্নের মুখে।
পুরনো এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন নিজেই জানিয়েছিলেন, রাজপাল যাদবের বাড়ি তাঁদের মতো সংগ্রামীদের কাছে ছিল ‘লঙ্গরের’ মতো। যেখানে খাবার ও আশ্রয়ের অভাব হতো না কোনোদিন। দিব্যেন্দুও স্বীকার করেছিলেন, রাজপাল কখনও তাঁদের কাছে টাকা চাইতেন না। কিন্তু আজ ৯ কোটি টাকার ঋণের দায়ে যখন রাজপাল অসহায়ভাবে বলছেন, “আমার টাকা নেই, বন্ধুও নেই, আমি একা”, তখন সেই সব ‘কৃতজ্ঞ’ বন্ধুদের দেখা মিলছে না। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা নওয়াজউদ্দিনকে ট্রোল করে লিখছেন, “অভাবের দিনে যাঁর অন্ন খেলে, আজ তাঁর দুর্দিনে পাশে দাঁড়ানোর সাহস নেই?” যদিও সোনু সুদ সাহায্যের হাত বাড়িয়েছেন, কিন্তু রাজপালের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধুদের এই মৌনতা বলিউডের ‘গ্ল্যামারাস’ সম্পর্কের ভেতরের কদর্য রূপটাই যেন ফুটিয়ে তুলছে।