বাজেট পেশের আগে যোগীর বড় ঘোষণা! ৯ লক্ষ কোটির বাজেটে কীভাবে বদলাবে উত্তরপ্রদেশ? দেখুন প্রধান লক্ষ্য

উত্তরপ্রদেশ বিধানসভায় বুধবার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশের আগে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল লখনউ। টানা ১০ বার বাজেট পেশ করার রেকর্ড গড়তে চলেছে যোগী আদিত্যনাথের সরকার। বাজেট পেশের ঠিক আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ তাঁর সরকারের লক্ষ্য এবং সংকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘নতুন উত্তরপ্রদেশ’ আজ সুশাসন ও সমৃদ্ধির এক অভূতপূর্ব দশকের সাক্ষী হচ্ছে।

মুখ্যমন্ত্রী জানান, এবারের বাজেট মূলত এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যমাত্রা এবং ২০৪৭ সালের মধ্যে ‘উন্নত ভারত’ নির্মাণের ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করবে। তিনি জোর দিয়ে বলেন, এই বাজেট হবে ২৫ কোটি প্রদেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। সমাজের শেষ সারিতে থাকা গরিব মানুষের সম্মান, যুবকদের স্বাভিমান এবং কৃষক ও নারী শক্তির সমৃদ্ধিকে কেন্দ্র করেই এবারের আর্থিক পরিকল্পনা সাজানো হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যোগীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী সুরেশ খান্না বিধানসভায় ৯ লক্ষ কোটি টাকারও বেশি অঙ্কের এই মেগা বাজেট পেশ করবেন।